বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে নিরাপত্তাকর্মী নিহত

আপডেট : ১৫ জুলাই ২০২২, ০৯:১৮ পিএম

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় বিআরটির গার্ডার পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক পথচারী এবং অপর এক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত শ্রমিক জিয়াউর রহমান (৩০) ময়মনসিংহের ধোবাউড়া থানার মধ্যশালকুন গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি বিআরটি প্রকল্পের নিরাপত্তাকর্মীর কাজ করতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা এলাকায় চলমান বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণকাজ চলছিল। টেইলার গাড়িতে করে ফ্লাইওভারের লঞ্চিং গার্ডার নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় লঞ্চিং গার্ডারটি টেইলার থেকে ছিটকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিআরটি প্রকল্পে কাজ করা এক নিনরাপত্তাকর্মীর মৃত্যু হয়। আহত অপর এক শ্রমিক ও এক পথচারীকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অপর শ্রমিকের নাম আ. বাছেদ (৪০) তিনি ফোরম্যান হিসেবে কাজ করতেন। আহত পথচারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিআরটির প্রকল্প পরিচালক ইলিয়াস শাহ বলেন, ফ্লাইওভারের লঞ্চিং গার্ডার অন্যত্র নিয়ে যাওয়ার জন্য টেইলার গাড়িতে ওঠানো হয়েছিল। সেটি স্লিপ করে পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত