ফ্লাইওভারের গার্ডার পড়ে নিরাপত্তাকর্মী নিহত

আপডেট : ১৬ জুলাই ২০২২, ০১:৩৬ এএম

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় বিআরটির গার্ডার পড়ে ওই প্রকল্পের এক নিরাপত্তাকর্মী নিহত ও অন্য এক শ্রমিক এবং এক পথচারী আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জিয়াউর রহমান (৩০) ময়মনসিংহের ধোবাউড়া থানার মধ্যশালকুন গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি বিআরটি প্রকল্পে নিরাপত্তাকর্মীর কাজ করতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা এলাকায় চলমান বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণকাজ চলছিল। ট্রেইলার গাড়িতে করে ফ্লাইওভারের লঞ্চিং গার্ডার নিয়ে যাওয়ার সময় লঞ্চিং গার্ডারটি ট্রেইলার থেকে স্লিপ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিআরটি প্রকল্পে কাজ করা এক শ্রমিকের মৃত্যু হয়। আহত অন্য এক শ্রমিক ও এক পথচারীকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শ্রমিকের নাম আ. বাছেদ (৪০)। তিনি ফোরম্যান হিসেবে কাজ করতেন। আহত পথচারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিআরটির প্রকল্প পরিচালক ইলিয়াস শাহ বলেন, ফ্লাইওভারের লঞ্চিং গার্ডার অন্যত্র নিয়ে যাওয়ার জন্য ট্রেইলার গাড়িতে ওঠানো হয়েছিল। সেটি সিøপ করে পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত