গাজীপুরের কোনাবাড়ীতে ফ্লাইওভারে প্রাইভেট কার এবং উল্টোপথে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটির তিন আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছে এক শিশু। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এছাড়া গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে দেশের কয়েকটি জায়গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও ১৪ জনের। এর মধ্যে নারায়ণগঞ্জের মদনপুরে বাসের ধাক্কায় প্রাইভেট কারে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ দুজনের মৃত্যু হয়েছে। পাবনার সাঁথিয়ায় সড়কে উল্টে যাওয়া একটি মোটরসাইকেলে পিকআপ উঠে গিয়ে এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। বগুড়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে তিনজনের। সিরাজগঞ্জের তাড়াশে অন্য একটি গাড়িচাপায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। গাজীপুরের শ্রীপুরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। ঝিনাইদহ সদরে পিকআপ ভ্যানের ধাক্কায় অগ্রণী ব্যাংকের সাবেক এক কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল-বাস সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
কোনাবাড়ীতে ফ্লাইওভারে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহতরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার মরিচা গ্রামের আয়নাল মিয়ার ছেলে রাজু (২৫), বরগুনার বেতাগীর সেলিম মৃধার ছেলে শামীম মৃধা (৩০) ও নীলফামারী জেলা সদরের রাবেরতল এলাকার রহিম আলীর ছেলে শাহিনুর রহমান শাহীন (৩০)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) মো. জাকির হাসান জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম পাশ দিয়ে একটি প্রাইভেট কার টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় উল্টোপথে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শাহীন ও শামীম ফ্লাইওভারের ওপর থেকে ছিটকে নিচে পড়ে যান এবং রাজু ও তার মেয়ে দুর্ঘটনাস্থলে পড়ে থাকেন। পরে চারজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাজু, শাহীন ও শামীমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিশু রাইসাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। সে মোটরসাইকেলে তার বাবা রাজুর কোলে ছিল।
ঘুরতে গিয়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রীর : নারায়ণগঞ্জের মদনপুরে বাসের ধাক্কায় প্রাইভেট কারে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেনÑ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মাহিমা (২০) ও একই ইউনিভার্সিটি থেকে পাস করা রাহাত (২৫)। তারা গতকাল সাপ্তাহিক ছুটির দিনে বন্ধুদের নিয়ে নারায়ণগঞ্জের পানামা সিটি দেখার উদ্দেশ্যে বের হয়েছিলেন দুটি প্রাইভেট কারে। পথে মদনপুর এলাকায় বেলা ১১টার দিকে যাত্রীবাহী একটি বাস একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। গাড়িতে থাকা সবাই কমবেশি আহত হন। আহত ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শ্যামলীর ট্রমা ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে ঢামেকে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাহিমাকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর ট্রমা ইনস্টিটিউটে নিয়ে যাওয়া রাহাতের মৃত্যু হয়।
আহত বাকি চারজনকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেনÑ কাজী (২২), ইব্রাহিম (২৮), সাইফুল (২২) ও আনান (২৩)।
পাবনায় পিকআপচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত : পাবনার সাঁথিয়ায় সড়কে উল্টে যাওয়া একটি মোটরসাইকেলে পিকআপ উঠে গিয়ে এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। গতকাল বিকেল ৫টার দিকে ছোট পাথাইল হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা আপন চাচা-ভাতিজা। তারা হলেন পাবনা সদর উপজেলার জালালপুর গ্রামের রুস্তম আলীর ছেলে জুয়েল (৩০), রবিচানের ছেলে সুরুজ্জামান (৩৯) এবং তাদের চাচা মতিন (৬০)।
পুলিশ জানিয়েছে, পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
বগুড়ায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আহত হয়েছেন আরও নয়জন। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে ভবানীপুর ইউনিয়নের ঘোগা ব্রিজ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কালিয়াকৈর পরিবহনের একটি বাস মহাসড়কের ঘোগা ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা নওগাঁ ট্রাভেলস পরিবহনের আরেকটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন বাসযাত্রী মারা যান। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
সিরাজগঞ্জে নিহত ২ : সিরাজগঞ্জের তাড়াশে নওগাঁ ইউনিয়নের মহিষলুটি বড়বিল এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ওপর গতকাল ভোর ৫টার দিকে অজ্ঞাত একটি গাড়িচাপায় দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন পিকআপ ভ্যানচালক নাটোরের গুরুদাসপুরের দত্তকানাই গ্রামের মৃত আবদুল করিমের ছেলে কিরণ মৃধা (২৮) ও সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনি এলাকার মৃত দুলু শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৪৭)।
শ্রীপুরে শিশু ও নারীর মৃত্যু : গাজীপুরের শ্রীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ এক নারীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে বরমী ইউনিয়নের বরামা গ্রামে বালিভর্তি বেপরোয়া একটি ড্রামট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশু তামান্না আক্তার (১১) ঘটনাস্থলেই মারা যায়। এরপর রাত সাড়ে ১০টার দিকে তেলিহাটি ইউনিয়নের রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দ্রুতগামী তাকওয়া পরিবহনের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক নারী মারা যান।
ঝিনাইদহে সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত : ঝিনাইদহ সদর উপজেলার রাউতাইল এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় আবদুস সামাদ (৬২) নামে অগ্রণী ব্যাংকের সাবেক এক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের রাউতাইল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুস সামাদ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে।
হাটহাজারীতে যুবকের মৃত্যু : চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল-বাস সংঘর্ষে আরিফ হোসেন (৩৪) নামে এক যুবক মারা গেছেন। গতকাল চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের নাজিরহাট নতুন রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো সেলপি সড়ক এলাকার দুলাল মিয়ার ছেলে।
*প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, ঢাকা এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলার প্রতিনিধিরা
