শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া শুরু

আপডেট : ১৭ জুলাই ২০২২, ০৭:২৫ এএম

অর্থনৈতিক সংকটের জন্য গোতাবায়া রাজাপাকসে সরকারকে দায়ী করে নজিরবিহীন বিক্ষোভের পর শ্রীলঙ্কার পরিস্থিতি আপাতত শান্ত। গোতাবায়ার পদত্যাগের পর এখন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল শনিবার পার্লামেন্টের অধিবেশনে গোতাবায়ার পদত্যাগপত্র উপস্থাপন করা হয়। এরপর প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষণা করা হয়।

গদিচ্যুত হওয়া গোতাবায়া তার পদত্যাগপত্রে বলেছেন, শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট নিরসনে তিনি সম্ভাব্য সবকিছু করেছেন। খবর রয়টার্স, এনডিটিভি ও ডেইলি মিরর শ্রীলঙ্কা।

সংবিধান অনুযায়ী গোতাবায়ার পদত্যাগের বিষয়টি জানানোর জন্য গতকাল পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকা হয়। মাত্র ১৩ মিনিট স্থায়ী বৈঠকে পার্লামেন্টের মহাসচিব দাম্মিকা দেশানায়েকে আনুষ্ঠানিকভাবে পার্লামেন্ট হাউজকে জানান যে, প্রেসিডেন্ট পদটি শূন্য হয়েছে। পাশাপাশি তিনি গোতাবায়ার পদত্যাগপত্র পড়ে শোনান।

দাম্মিকা দেশানায়েকে হাউজকে জানান, আগামী ১৯ জুলাই স্থানীয় সময় সকাল ১০টার মধ্যে প্রেসিডেন্ট পদে আগ্রহীদের মনোনয়নপত্র তার কাছে জমা দিতে হবে। তিনি আরও জানান, যদি একজনের বেশি প্রার্থী হয় তাহলে পরদিন ২০ জুলাই নির্বাচন হবে।

পার্লামেন্টের বৈঠক সামনে রেখে পার্লামেন্টমুখী রাস্তাজুড়ে রাইফেলসহ শতাধিক পুলিশ ও নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়। যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধ করতে রাস্তায় ব্যারিকেড বসানো হয়। জলকামান প্রস্তুত রাখা হয়। পার্লামেন্টমুখী আরেকটি রাস্তায় নিরাপত্তা বাহিনী টহল দেয়। তবে কোথাও বিক্ষোভের কোনো লক্ষণ দেখা যায়নি।

গোতাবায়ার বক্তব্য : পদত্যাগপত্রে গোতাবায়া রাজাপাকসে বলেছেন, শ্রীলঙ্কার আর্থিক সংকটের মূলে ছিল কয়েক বছরের অব্যবস্থাপনা, কভিড-১৯ মহামারীর কারণে শ্রীলঙ্কায় পর্যটক আসা কমে যাওয়া এবং প্রবাসী কর্মীদের থেকে রেমিট্যান্স আসাও কমে যাওয়া।

পদত্যাগপত্রে তিনি আরও বলেন, ‘আমার ব্যক্তিগত বিশ্বাস যে আমি এই সংকট মোকাবিলায় সংসদ সদস্যদেরকে নিয়ে সর্বদলীয় বা ঐক্যের সরকার গঠনের আমন্ত্রণ জানানোসহ সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছি।’

ব্যাপক গণবিক্ষোভের মুখে গোতাবায়া গত মঙ্গলবার রাতে সামরিক বাহিনীর একটি উড়োজাহাজে করে মালদ্বীপ পালিয়ে যান। বুধবার এ খবর বের হলে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। তারা প্রধানমন্ত্রীর দপ্তর দখল করে নেয়। গোতাবায়া দেশ ছেড়ে পালানোর আগে প্রধানমন্ত্রীকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে যান।

গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট গোতাবায়া সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুর চলে যান। সিঙ্গাপুরে পৌঁছানোর পর প্রেসিডেন্ট তার পদত্যাগপত্র ই-মেইলে স্পিকারকে পাঠান। গত শুক্রবার স্পিকার জানান, প্রেসিডেন্টের পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য চার প্রার্থী : শুক্রবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন গোতাবায়ার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তিনি নতুন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন।

পার্লামেন্টের সদস্যরা নির্ধারণ করেছেন, ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত মেয়াদের বাকি সময়ের জন্য গোতাবায়ার উত্তরসূরি নির্বাচন করা হবে এক সপ্তাহের মধ্যে।

শুক্রবার ক্ষমতাসীন দল পোদুজানা পেরামুনা (এসএলপিপি) রনিলকে প্রেসিডেন্ট পদে সমর্থন দেবে। কিন্তু সরকারবিরোধী বিক্ষোভকারীরা তারও পদত্যাগ দাবি করতে থাকায় তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ফের অস্থিরতা শুরু হওয়ার শঙ্কা আছে।

রনিল ছাড়া ক্ষমতাসীন দল এসএলপিপির জ্যেষ্ঠ পার্লামেন্ট সদস্য দুল্লাস আলাহাপেরুমাকে ‘ডার্ক হর্স’ হিসেবে গণ্য করা হচ্ছে। তিনি এখনো প্রার্থী হওয়ার বিষয়টি ঘোষণা করেননি। 

অন্যদিকে বিরোধী দল সামাগা জানা বালাভিগায়ার (এসজেবি) পার্লামেন্টারি দল সিদ্ধান্ত নিয়েছে তারা বিরোধী দল নেতা সাজিথ প্রেমাদাসাকে প্রেসিডেন্ট পদে প্রার্থী করবে। কমিউনিস্ট পার্টি জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) বলেছে, তারা দলের নেতা অনুরা কুমারা দেশানায়েকেকে প্রার্থী করবে। দলটির পার্লামেন্ট মেম্বার (এমপি) ভিজিতা হেরাথ গতকাল এ কথা জানান।

এদিকে সাবেক প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বলেছেন তার দল শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি প্রেসিডেন্ট পদে কাউকে সমর্থন দেবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত