‘জমি দখলে ব্যর্থ হয়ে চোর আখ্যা দিয়ে’ যুবককে অমানুষিক নির্যাতন!

আপডেট : ১৭ জুলাই ২০২২, ০১:১৮ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় জমি নিয়ে বিরোধের জের ধরে বৈদ্যুতিক ফ্যান চুরির মিথ্যা অভিযোগ এনে এক যুবককে অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

এ সময় ওই যুবকের পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।

গতকাল শনিবার বিকেল ৫টার দিকে ফতুল্লার তল্লা রেল লাইনের বিপরীত পাশে এই ঘটনা ঘটে। পরে রাতে ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী যুবকের বড় ভাই সিফাত হোসেন।

অভিযুক্তরা হলেন- তল্লা রেল লাইন রোডের বিপরীত পাশের মৃত খোকা মাহাজনের ছেলে মহসিন (৪৫), তার ভাই মুকুল মিয়া (৫৫) ও মুকুল মিয়ার ছেলে রামিম (২০)।

মো. সিফাত হোসেন অভিযোগে উল্লেখ করেন, ‘মহসিন ও মুকুল মিয়া সম্পর্কে আমার শ্বশুরের চাচাতো ভাই এবং রামিম মুকুল মিয়ার ছেলে। তারা আমার বাড়ির পাশের সড়কের জমি অবৈধভাবে দখল করার চেষ্টা করে আসছিলেন। আমি বাধা দিলে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন।

এরই ধারাবাহিকতায় ১৬ জুলাই বিকেল ৫টায় আমার ছোট ভাই মো. রিফাত হোসেনকে (১৮) একা পেয়ে চুরির ঘটনা সাজিয়ে অমানুষিক নির্যাতন ও রক্তাক্ত জখম করে।

ছোট ভাইয়ের চিৎকার শুনে আমি দৌড়ে গেলে আমাকেও লাঠি দিয়ে সজোরে আঘাত করে। এ সময় আশপাশের মানুষ এসে আমাদের উদ্ধার করেন। এ সময় জমি না ছাড়লে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।

অভিযুক্ত রামিম জানান, ‘বাদী মো. সিফাত হোসেনের স্বজনদের কাছ থেকে ২ শতাংশ জমি কিনেছেন রামিমের বাবা মুকুল মিয়া। জমিটি পুরো বুঝে পেলেও সামনের অংশে বাংলাদেশ রেলওয়ের কিছু জমি রয়েছে। সেখানে আমার বাবা বাড়ির প্রবেশদ্বার (গেট) বানাতে চেয়েছিল। কিন্তু মো. সিফাত হোসেনরা বাধা দিচ্ছিল। তা নিয়ে আমাদের সঙ্গে ওদের দ্বন্দ্ব ছিল। আজকে আমাদের বাসার সামনে রাখা যাত্রীবাহী বাস থেকে ফ্যান চুরি হয়। সিফাতের ভাই রিফাতকে চুরির বিষয়ে জিজ্ঞাসা করলে বিতর্ক সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতিতে গিয়ে পৌঁছায়।’

এ ঘটনায় তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ঘটনা তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত