যুক্তরাষ্ট্র আবারও মধ্যপ্রাচ্যে অস্থিরতার চেষ্টা করছে : ইরান

আপডেট : ১৭ জুলাই ২০২২, ১০:৩১ পিএম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ইরানোফোবিয়া’ বা ইরানভীতি ছড়িয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করার অভিযোগ এনেছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের প্রথম মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার ঠিক পরদিন এই অভিযোগ করল মধ্যপ্রাচ্যে পশ্চিমা দুশ্চিন্তার কারণ হওয়া দেশটি।

গতকাল রবিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অভিযোগ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ‘ ইরানোফোবিয়ার মতো ব্যর্থ কৌশল প্রয়োগ করে যুক্তরাষ্ট্র আবারও মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি এবং সংকট তৈরির চেষ্টা করছে।’

যুক্তরাষ্ট্রকে দায়ী করে বিবৃতিতে আরও বলা হয়, ‘দেশটি বিশ্বের একমাত্র দেশ হিসেবে পারমাণবিক বোমা ফেলেছে, অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ করে এসেছে, সশস্ত্র সংঘাতের জন্ম দিয়েছে এবং মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করেছে।’

বিবৃতিতে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন-দখলদারিত্ব এবং ফিলিস্তিনিদের বিপর্যস্ত জীবনের মূল কারণ হিসেবে ওয়াশিংটনকে দায়ী করা হয়। ক্ষমতায় আসার পর মধ্যপ্রাচ্য সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল ও ইরানের প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। সৌদির জেদ্দায় মিসর, জর্ডান ও ইরাকের নেতাদের সঙ্গে এক বৈঠকে বাইডেন বলেন, ‘চীন, রাশিয়া কিংবা ইরানের জন্য মধ্যপ্রাচ্য ফাঁকা রেখে আমরা সরে যাচ্ছি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত