আনোয়ারা উপকূলে ৪৩ মণ ইলিশ জব্দ

আপডেট : ১৮ জুলাই ২০২২, ০২:৩৮ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে অভিযান চালিয়ে ৪৩ মণ ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝির ঘাটে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক। এ সময় উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা মো. হুজ্জাতুল ইসলাম তার সঙ্গে ছিলেন। এ ছাড়া নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

উপজেলা মৎস্য দপ্তর সূত্র জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে গহিরা উঠান মাঝির ঘাটে অভিযান চালানো হয়। এ সময় শহিদুল ইসলাম ও মো. ইসমাঈলের মৎস্য আড়তে বিক্রি করার জন্য রাখা ৪৩ মণ ইলিশ জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ওই মাছ বিক্রেতারা। জব্দকৃত মাছগুলো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মুমিনের উপস্থিতিতে প্রকাশ্য নিলামে ৫ লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন,সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও আহরণের জন্য গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সব ধরনের নৌযানের মাধ্যমে যে কোন প্রজাতির মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

ঘোষিত সময়সীমায় যেন কেউ মাছ শিকার করতে না পারে, সেজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অপরাপর সরকারি সংস্থাগুলোর আন্তরিক সহযোগিতা নিয়ে রাতদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন।

এ অভিযান তারই অংশ বিশেষ। এ অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত