ইলিশ সরবরাহ বৃদ্ধি পেয়েছে চাঁদপুর বড়স্টেশন মাছ ঘাটে। তবে দাম এখনো মধ্যবিত্ত মানুষের ধরাছোঁয়ার বাইরে। সাধ্যের মধ্যে না থাকায় খালি হাতেই ফিরে যাচ্ছেন ইলিশ কিনতে আসা অনেক ক্রেতা।
বড়স্টেশন মাছ ঘাট ঘুরে দেখা যায়, ভোর থেকেই দেশের দক্ষিণাঞ্চল থেকে ইলিশ নিয়ে আসা ট্রলার ও পিকআপ ভ্যানগুলো পৌঁছতে থাকে ঘাটে। এসব পরিবহন থেকে ইলিশ নিয়ে স্তূপ করা হয় আড়তে। জেলে আর আড়ৎদারদের হাঁকডাকে কর্মচঞ্চল হয়ে উঠে মাছ ঘাট এলাকা।
ইলিশ ব্যবসায়ীরা জনান, গত মাসে যেখানে ৫০০ থেকে ৭০০ মন ইলিশ সরবরাহ হতো, সেখানে বর্তমানে সরবরাহ হচ্ছে ১ হাজার থেকে দেড় হাজার মন ইলিশ। তবে সরবরাহ বৃদ্ধি পেলেও দাম এখনো সাধারণ ক্রেতাদের নিয়ন্ত্রণের বাইরে। এতে ইলিশ কিনতে না পেরে অনেক ক্রেতাই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন শূন্যহাতে।
ঢাকা থেকে চাঁদপুরে ঘুরতে আসা আবদুস সামাদ বলেন, ‘পাঁচ বন্ধু মিলে চাঁদপুরে ঘুরতে এসেছি। উদ্দেশ্য তাজা ইলিশ খাওয়ার পাশাপাশি বাসায় নিয়ে যাওয়া। কিন্তু এসে দেখি দাম অনেক বেশি। ১ কেজি সাইজের ইলিশের দাম চাচ্ছে ১৩০০ টাকা। বন্ধুরা মিলে একটি কিনেছি এখন খাওয়ার জন্য। তবে এত বেশি দামে মাছ কিনে বাসায় নেওয়া সম্ভব না।’
চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে আসা ক্রেতা জাহিদা হোসেন বলেন, এখন ইলিশের মৌসুম। এই সময়ে এত দাম! আমাদের মতো মধ্যবিত্তদের সুযোগ হয়ে উঠে না ইলিশ কেনার। সখ থাকলেও সাধ্য না থাকায় ইলিশ না কিনেই ফিরে যাচ্ছি। সামনে দাম কমলে কিনব।
মৎস্য ব্যবসায়ী বিপ্লব খান বলেন, বড় সাইজের চেয়ে ছোট সাইজের ইলিশের সরবরাহ বেশি। ঘাটে আসা অধিকাংশ ইলিশই আসছে হাতিয়া, পাথরঘাটাসহ উপকূলীয় অঞ্চলের জেলাগুলো থেকে। স্থানীয় পদ্মা-মেঘনার ইলিশের চাহিদা বেশি থাকলেও সরবরাহ অনেক কম। উপকূলীয় অঞ্চলের ইলিশের দাম কিছুটা কমলেও বেড়েছে স্থানীয় নদীর ইলিশের দাম।
ইলিশ ব্যবসায়ী সম্রাট ব্যাপারী বলেন, বর্তমানে ঘাটে ১ কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১১০০ টাকা দরে এবং ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৬০০ থেকে সাড়ে ৬০০ টাকা দরে। যা গেল মাসের তুলনায় কমেছে ১০০ থেকে ২০০ টাকা। এবং স্থানীয় পদ্মা-মেঘনা নদীর এক কেজি থেকে ১২০০ গ্রাম ওজনের ইলিশ ২০০ থেকে ৩০০ টাকা বৃদ্ধি পেয়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ টাকা দরে।
চাঁদপুর জেলা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার বলেন, বর্তমানে এই বাজারে গড়ে ৪ থেকে ৫ কোটি টাকার ইলিশ বিক্রি হচ্ছে প্রতিদিন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাশাপাশি জ¦ালানী তেলের দাম বৃদ্ধি পাওয়ায় মাছ ধরার খরচ বেড়েছে জেলেদের, তাই দামও একটু বেশি। সামনে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেলে দাম নিয়ন্ত্রণে চলে আসবে। ঘাটে আসা এসব ইলিশ স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি রাজধানী ঢাকা, জামালপুর, দিনাজপুর, রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়।
