ঢাকার পাঁচ তারকা হোটেলে লাখ টাকার আইসক্রিম খেতে ক্রেতার অভাব নেই!

আপডেট : ১৯ জুলাই ২০২২, ০৮:৫১ পিএম

আইসক্রিমের দাম লাখ টাকা হলেও তা ঢাকার একটি ‘পাঁচ তারা’ হোটেল অর্ডার সরবরাহ করতে হিমশিম খাচ্ছে।

রোববার হোটেল সারিনার ফেসবুক পাতায় একটি পোস্টে বলা হয়, 'ঢাকার সবচেয়ে দামি আইসক্রিম পাওয়া যাচ্ছে ৯৯,৯৯৯ টাকায়'। পোস্টের সঙ্গে কাচের ছোট বাটিতে সোনায় মোড়ানো আইসক্রিমের ছবিও দেওয়া হয়।

মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। অনেকেই তা শেয়ার দেন। ফেসবুক পোস্ট দেওয়ার একদিনের মধ্যেই এই প্যাকেজটি ‘ওভারবুকড’ হয়ে যাওয়ার কারণে এর অর্ডার নেয়া বন্ধ আছে বলে জানায় হোটেল কর্তৃপক্ষ। 

‘গোল্ডেন আইসক্রিম’ নিয়ে হোটেল সারিনার মার্কেটিং বিভাগের সহকারী পরিচালক সৈয়দ মেহরান হোসেন বলেন, ইতিমধ্যে অসংখ্য অর্ডার হোটেল কর্তৃপক্ষের কাছে এসে গেছে। ওভারবুকড হয়ে যাওয়ায় এখন আর নতুন কোনো অর্ডার নেওয়া যাচ্ছে না। ভাবতেই পারিনি এত সাড়া পাব। ভাবিনি একদিনেই এত অর্ডার আসবে যে অফারটি বন্ধই করে দিতে হবে। আমরা অভিভূত!

কোভিড-১৯ পরিস্থিতির কারণে এই আইসক্রিম তৈরিতে দুবাই থেকে আনা ‘সোনালী পাতা’ বা ‘গোল্ড লিফ’ বাজারে আর পাওয়া না যাওয়ায় নতুন অর্ডার নিতে পারছেন না বলে জানান মেহরান।

হোটেল কর্তৃপক্ষের ‘নিজস্ব নীতি’ অনুসরণ করতে এই আইসক্রিম প্যাকেজের ঠিক কতটি অর্ডার তারা পেয়েছেন, এ বিষয়ে কিছু জানাতে চাননি তিনি।

মেহরান বলেন, আইসক্রিমের এই প্যাকেজ ক্রেতারা হোটেল সারিনার ‘লাক্সারিয়াস ইম্পেরিয়াল সুইটে’ দুজন এক রাত থাকতে পারবেন বিনামূল্যে।

এই হোটেলে বিলাসবহুল ‘ইম্পেরিয়াল সুইটের’ সংখ্যা মাত্র একটি। এখানে এক রাত থাকতে খরচ হয় ৪০ হাজার টাকা। আইসক্রিমের প্যাকেজের সঙ্গে আরও আছে সকালের নাশতা।

আলোচিত এই আইসক্রিম তৈরিতে কী কী উপাদান ব্যবহার করা হয়েছে জানতে চাইলে মেহরান বলেন, এটি দুবাই থেকে আনা ২৪ ক্যারেট ভোজ্য (এডিবল) সোনার তৈরি আইসক্রিম। এর মধ্যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কয়েকটি ভিটামিন, জিঙ্ক, কপার এবং সেলেনিয়ামের পুষ্টিগুণ আছে। আইসক্রিমটি সাজানো হয়েছে  ক্রিস্টাল গবলেট এবং সোনার পাতা দিয়ে। সিরাপের সাথেও মেশানো হয়েছে ভোজ্য সোনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত