কামাল চৌধুরীর ঘনিষ্ঠজন কবির পেতে চান গুরুত্বপূর্ণ পদ!

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৭ এএম

বিএনপি কর্মীকে হত্যাসহ জুলাই হত্যা মামলার আসামি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের প্রভাবশালী আমলা কামাল আবদুল নাসের চৌধুরীর দীর্ঘ সময়ের ঘনিষ্ঠ পিএস কট্টর আওয়ামী লীগ সমর্থক কবির আহামদ পদোন্নতি পেয়ে এখন ভারপ্রাপ্ত সচিব। দায়িত্বে আছেন পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে। সরকারের প্রভাবশালী একটি মহলকে ম্যানেজ করে তিনি এই পদোন্নতি বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এখন সরকারের গুরুত্বপূর্ণ পদে বসতেও জোর লবিং শুরু করেছেন বলে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর তৎকালীন তথ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর পছন্দ অনুযায়ী তার পিএস হিসেবে কবির আহামদকে নিযুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে ২০১০ সালে কামাল আবদুল নাসের চৌধুরী শিক্ষা সচিব হলে তাকে সেখানেও পিএস করে নিয়ে যান। সেখান থেকে উপসচিব পদে পদোন্নতি পেলে কবির আহামদকে শিক্ষা মন্ত্রণালয়েই রেখে দেওয়া হয়। শেখ হাসিনার গুডবুকে থাকা কামাল আবদুল নাসেরের আশীর্বাদ থাকায় নিয়মিত পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেন বিসিএস (প্রশাসন) ১৩তম ব্যাচের এই কর্মকর্তা। এ ছাড়াও ছিলেন থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দুই মাসের মধ্যে কামাল আবদুল নাসের চৌধুরী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে হামলা ও বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার হন। এ মামলায় তাকে চার দিনের রিমান্ডেও নেওয়া হয়। তখন কামাল আবদুল নাসের চৌধুরীর জন্য তার পরিবারের পাশে থেকে  নানাভাবে চেষ্টা-তদ্বির করেন কবির আহামদ। পরে তিনি ভোল পাল্টে বিএনপির অনুসারী সেজে গত ২ জুলাই গ্রেড ওয়ান নিয়ে ভারপ্রাপ্ত সচিব পদ বাগিয়েছেন। এখন সরকারের একটি প্রভাবশালী মহলকে দিয়ে গুরুত্বপূর্ণ পদে পোস্টিং নিতে নানাভাবে দেনদরবার চালাচ্ছে। সংশ্লিষ্ট মহল বলছে, আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের এভাবে গুরুত্বপূর্ণ পদে বসানো হলে তা সরকারের জন্য ঝুঁকি বয়ে আনতে পারে।

এ ব্যাপারে কবির আহামদের বক্তব্য জানার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত