চট্টগ্রাম নগরীর জিইসি এলাকার বাটা গলি সংলগ্ন ফ্লাইওভারের নিচে গত রবিবার গভীর রাতে এক গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওইদিন রাত ১টার দিকে রিকশা থেকে নামিয়ে ফ্লাইওভারের নিচে একটি ঘরে নিয়ে দল বেঁধে ধর্ষণ করা হয় তাকে। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে।
খুলশী থানা সূত্র জানিয়েছে গ্রেপ্তারকৃতরা হলো মো. আরিফ, আব্দুর রহমান, ফারুক হোসেন, সাইফুল ইসলাম, আবদুল খালেক ও মোহাম্মদ হোসেন। তাদের মধ্যে ফারুক একটি বেসরকারি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী, আরিফ হকার ও রহমান রিকশাচালক। বাকি তিনজনের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা দেশ রূপান্তরকে বলেন, রাত ১টার পর রিকশা করে ওই নারী ষোলশহরের দিকে যাচ্ছিলেন। ওই নারী জিইসি মোড় পেরিয়ে বাটা গলির সামনে গেলে রিকশার গতিরোধ করে তাকে টেনে নামিয়ে ফেলে তিন যুবক। পরে ফ্লাইওভারের নিচে একটি টিনের ঘরে নিয়ে দল বেঁধে ধর্ষণ করে। সে সময় ওই নারীকে বহনকারী রিকশাচালক চিৎকার করলে অপর এক রিকশাচালক ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। পরে খুলশী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার এবং তিনজনকে আটক করে। আরও তিনজন পালিয়ে যায়। পরে ওই নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
মঙ্গলবার অভিযান চালিয়ে পলাতক তিনজনকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওসি জানান, এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ খুলশী থানায় ৬ জনকে আসামি করে মামলা করেছেন।
