ত্রিশালে ১৯ বছর পর আওয়ামী লীগের সম্মেলন

আপডেট : ২০ জুলাই ২০২২, ০৮:২৬ পিএম

দীর্ঘ ১৯ বছর পর ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার সরকারী নজরুল একাডেমী মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন ঘিরে ত্রিশাল এলাকা সেজেছে নতুন সাজে। আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসব।

দুবারের নির্বাচিত স্থানীয় সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী সভাপতি পদে এগিয়ে আছেন বলে দলীয় সূত্র দাবি করে।

তারা বলেন, রুহুল আমীন মাদানী ১৯৯৬ সালে এমপি নির্বাচিত হওয়ার পর ত্রিশালের ব্যাপক উন্নয়ন করেন। ১৯৯৬ সালে এমপি হওয়ার পর এলাকার উন্নয়ন ও তৃণমূল নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রের নির্দেশে দলীয় কার্যক্রম চালিয়ে তিনি জনপ্রিয়তা পান। ২০১৮ সালে এমপি নির্বাচিত হওয়ার পর নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে দলীয় কাজে অংশগ্রহণ করেন।

সম্মেলনের মাধ্যমে নতুন দুটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বর্ষীয়ান নেতাসহ নতুন অনেক মুখ। এ সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে নবীন-প্রবীণ মিলিয়ে ডজনখানেক নেতা প্রার্থী হয়েছেন।

রুহুল আমীন মাদানী ছাড়া জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শোভা মিয়া আকন্দ, হাবিবুর রহমান খান, আব্দুল বারী সভাপতি হতে চান।

সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক সবুজ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গত উপজেলা নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী মো. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর আকন্দ, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুবুল আলম পারভেজ, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ আল মামুন উজ্জল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন সাজু।

সর্বশেষ ২০০৩ সালে  ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত  হয়। এ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার সভাপতি ও আবুল কালাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আব্দুল মতিন সরকার ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলে সভাপতির পদ শূণ্য হয়। পরে সিনিয়র সহ-সভাপতি হায়দার আলী মাস্টার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ কমিটির মেয়াদ শেষ করে একটানা ৯ বছর কাটিয়ে দেয়। কমিটিকে কেন্দ্র করে দলের মধ্যে দেখা দেয় দলীয় কোন্দল লবিং-গ্রুপিং।

দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় নতুন কমিটি দাবি করে ৬১ সদস্যের মধ্যে ৫৬ জন পদত্যাগ করেন। পরে ওই কমিটি বিলুপ্ত করে ২০১২ সালে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রেজা আলীকে আহ্বায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি কাজ করে ১০ বছর।

দলীয় সূত্র জানায়, পৌর শহরের সরকারী নজরুল একাডেমী মাঠে বৃহস্পতিবার বিকেল ৩টায় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জহিরুল হক খোকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও  ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অসিম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য  মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য অ্যাড. রেজা আলী। অনুষ্ঠান পরিচালনা করবেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত