বোনের বিয়ের বাজার করতে গিয়ে প্রাণ গেল দুই বোনের

আপডেট : ২১ জুলাই ২০২২, ০১:৪৮ এএম

বোনের বিয়ের বাজার করতে বের হয়েছিলেন দুই বোন তানজিলা ও সাথী। সাথীর কোলে ছিল দেড় বছরের শিশু। তারা একটি ব্যাটারিচারিত অটোরিকশার যাত্রী ছিলেন। পথে বিআরটিসি বাসের সঙ্গে ব্যাটারিচারিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তারা। একই সঙ্গে নিহত হন আরও তিনজন। গতকাল বুধবার দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জে হ্যালিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি নারাঙ্গল গ্রামের তানজিলা (৩০) ও তার বোন সাথী (২৬), সাথীর দেড় বছরের শিশুকন্যা ফারহানা, সোহাগ সিকদার (২১), পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাসিব (২৫), আমির চৌধুরী (৫০)।

সাথীর বড় বোন নাহিদা বেগম বলেন, ‘আমরা ছয় বোন, এক ভাই। আমার চতুর্থ বোনের বিয়ের বাজার করতে এসেছিল। পথে বাসচাপায় আমার দুই বোন ও বোনের মেয়ে মারা গেছে।’ তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আমার বোনের জামাই আহত হয়ে বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

এদিকে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিজেল ইঞ্জিনচালিত তিন চাকার ইটবোঝাই ট্রলির পেছনের ডালায় চাপা পড়ে এক শিশু প্রাণ হারিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় এক বৃদ্ধা নিহত হন। মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হন। বিস্তারিত আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

বরিশালে নারী-শিশুসহ নিহত ৬ : পটুয়াখালী থেকে বিআরটিসির একটি বাস বরিশালের উদ্দেশে আসছিল। এ সময় বাসটি বরিশালের বাকেরগঞ্জ হ্যালিপ্যাড এলাকার মহাসড়ক অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত তিন চাকার যান যাত্রী নিয়ে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন চাকার যানের চালক এবং অটোতে থাকা একই পরিবারের দুই বোনসহ ছয়জন নিহত হয়। এ ঘটনায় দুজন যাত্রী গুরুতর আহত হয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন মিলন জানান, বিআরটিসির চালক বাসটি ফেলে রেখে পালিয়েছে। তার নাম জানা যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে। বাসটি পটুয়াখালীতেও একটি সিমেন্টের ট্রাককে ধাক্কা দিয়েছিল।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল জানান, ধারণা করা হচ্ছে বিআরটিসি বাসের চালকের কারণেই দুর্ঘটনা ঘটেছে। অটোরিকশা সঠিক পথেই চালাচ্ছিল।

বগুড়ায় নিহত ১ : বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম আলতাফ আলী (৫৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সারিয়াকান্দিতে উপজেলার হাটফুলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

সারিয়াকান্দি থানার উপপুলিশ পরিদর্শক বাবর আলী জানান, আহতরা এখন পর্যন্ত শঙ্কামুক্ত রয়েছেন। নিহত ব্যক্তিকে রাতেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় সিরাজ মিয়া (৬৮) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তিনলাখপীর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিননগর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, বুধবার সকালে কুমিল্লাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

কুড়িগ্রামে শিশু নিহত : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিজেল ইঞ্জিনচালিত তিন চাকার ইটবোঝাই ট্রলির পেছনের ডালায় চাপা পড়ে সাড়ে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার সকালের দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বলদিয়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, বুধবার সকালের দিকে বাড়ির পাশের রাস্তায় শিশুটি খেলছিল। এমন সময় ইটবোঝাই একটি ডিজেল ইঞ্জিনচালিত তিন চাকার ট্রলি শিশুটিকে অতিক্রম করার সময় সে ট্রলির বেক ডালা ধরে ঝুলে খেলা করছিল। কিছু দূর যাওয়ার পর রাস্তার মাঝখানে কালভার্ট ভেঙে বেক ডালার নিচে চাপা পড়ে শিশুটি। এতে ইটবোঝাই গাড়ির চাপায় শিশুটির নাড়িভুঁড়ি বেরিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের পাঙ্গাসী এলাকার বড় ব্রিজের ওপর বালুবাহী ট্রাকের চাপায় ভানু বেগম (৬৮) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের দেউলমুড়া উত্তরপাড়া এলাকার মৃত বেলায়েত হোসেনের স্ত্রী।

হাটপাঙ্গাসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ট্রাকটিও জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

টাঙ্গাইলে মোটরসাইকেল আরোহী নিহত : টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় হারুন অর রশিদ (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। হারুন রংপুরের পীরগঞ্জ উপজেলার সুবিথ গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, হারুন মোটরসাইকেলযোগে পীরগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত