কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে লাঞ্ছিত করা ও দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের ব্যানারে উপজেলা সদরের কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে এ সমাবেশ হয়। এ সময় বক্তারা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবি জানান। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা ওই সমাবেশে রাস্তা অবরোধ করে রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গত ১৬ জুলাই জাতীয় সংসদ ভবনের এলডি হলে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় একটি কমিটি ঘোষণা নিয়ে এমপি রাজী মোহাম্মদ ফখরুল ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে বাগ্বিত-া, হাতাহাতি ও কিল-ঘুষির ঘটনা ঘটে।
