ভোট কম পেয়েও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজপুত্রই

আপডেট : ২৪ জুলাই ২০২২, ০৬:৩৪ এএম

নাটকীয়ভাবে তিন ভোটে জয়ের পর পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএল-এন) নেতা হামজা শাহবাজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। গতকাল শনিবার তার শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হামজা পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে।

ডন জানিয়েছে, গত শুক্রবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পার্লামেন্টে মুখ্যমন্ত্রী পদের ভোটে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থী চৌধুরী পারভেজ ইলাহি ৩৭১ সদস্যের মধ্যে ১৮৬ জনের সমর্থন নিশ্চিত করেছিলেন। তার প্রতিদ্বন্দ্বী হামজা শাহবাজ পান ১৭৯ ভোট। কিন্তু ডেপুটি স্পিকারের বিতর্কিত এক সিদ্ধান্তে ফল পাল্টে যায়।

পাকিস্তান মুসলিম লীগ কায়েদে আযমের (পিএমএল-কিউ) ইলাহিকে প্রার্থী করেছিল পিটিআই। পিএমএল-কিউ প্রধান সুজাত হোসেন পার্লামেন্টে তার সদস্যদের হামজাকে ভোট দিতে বলেছিলেন। কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করে পার্লামেন্টে দলের ১০ সদস্য ইলাহিকে ভোট দেন। সে কারণে পাঞ্জাব পার্লামেন্টের ডেপুটি স্পিকার দোস্ত মাজারি ওই ১০ জনের ভোট বাতিল করে দিয়ে পিএমএল-এন প্রার্থী হামজাকে জয়ী ঘোষণা করেন।

পিটিআই এবং তাদের শরিকরা ডেপুটি স্পিকারের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আদালতের দ্বারস্থ হয়েছে। তাদের ভাষ্য, সংবিধান অনুযায়ী পার্লামেন্টারি দলের সিদ্ধান্তে অন্য কারও হস্তক্ষেপের সুযোগ না থাকায় ডেপুটি স্পিকার ওই ১০ সদস্যের ভোট বাতিল করতে পারেন না।

পিটিআইপ্রধান ইমরান পরে পাঞ্জাব পার্লামেন্টের এ ‘নাটকের’ প্রতিক্রিয়ায় সমর্থকদের শান্তিপূর্ণ প্রতিবাদ করতে বলেছেন। আদালতে এর ফয়সালা হবে বলেও আশ^স্ত করেছেন তিনি।

ডেপুটি স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে গত শুক্রবার রাতেই সুপ্রিম কোর্টে আবেদনও জমা পড়েছে। সম্প্রতি পাঞ্জাবে ২০টি আসনের উপনির্বাচনে ইমরানের দল ১৫টি আসনে জেতে। চারটিতে জেতেন পিএমএল-এনের প্রার্থীরা।

পরে লাহোর হাইকোর্ট সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী ঠিক করতে পার্লামেন্টকে নির্দেশ দিলে তা মেনেই শুক্রবার ভোট হয়।

পাঞ্জাবের গভর্নর বালিগ উর রহমান হামজা শাহবাজকে শপথবাক্য পাঠ করান। গভর্নর হাউজে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে পিএমএল-এন নেতাসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত