লরিচাপা-বাসচাপা-সংঘর্ষ প্রাণ গেল চার শিক্ষার্থীর

আপডেট : ২৪ জুলাই ২০২২, ০৬:৩৬ এএম

চট্টগ্রামের সীতাকুন্ডে বাবার মোটরসাইকেলে কলেজে যাচ্ছিলেন মেয়ে ফাতেহা জাহান জেবা (১৯)। পথে ফৌজদার হাট-বায়েজীদ লিংক রোডের ৩ নম্বর ব্রিজের কাছে গেলে একটি লরি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মুহূর্তেই ছিটকে পড়ে লরির চাকায় পিষ্ট হন ফাতেমা। চোখের সামনে মেয়ের এমন মর্মান্তিক মৃত্যু দেখে চলন্ত গাড়ির নিচে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন বাবা  ফারুক। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।  

ফাতেমা চট্টগ্রাম শহরের এনায়েত বাজার মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি সলিমপুর ইউনিয়নের কালুশাহ নগর ফৌজদার বাড়ির মো. ফারুকের মেয়ে। ফারুক একটি ইলেকট্রনিকস কোম্পানির বিক্রয় কেন্দ্রে চাকরি করেন। মেয়েকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম।

স্থানীয়রা জানান, বেলা আনুমানিক ৩টার দিকে মোটরসাইকেলে করে মেয়েকে কলেজে পৌঁছে দিতে যাচ্ছিলেন বাবা ফারুক। ফৌজদারহাট-বায়েজীদ সড়কের ৩ নম্বর ব্রিজের কাছে গেলে বেপরোয়া গতিতে আসা একটি লরি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মেয়ে ফাতেমা জাহান ছিটকে নিচে পড়ে যান।

ফাতেমা জাহানের বাবার বন্ধু মো রফিক বলেন, ‘ফাতেমা ছিল ফারুকের প্রাণ। মেয়েকে অনেক বেশি ভালোবাসত ফারুক। মেয়ে হারানোর শোক সে কীভাবে সইবে!’

ফৌজদারহাট পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। পরে আদালতের আদেশ পেয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই পার্থ সারথী সাহা। তিনি বলেন, ‘দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটিকে আমরা শনাক্তের চেষ্টা করছি।’

বগুড়ায় দুই শিক্ষার্থী নিহত : বগুড়ায় দ্বিতীয় বাইপাস এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পলিটেকনিকের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর দ্বিতীয় বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শহরের দক্ষিণ চেলোপাড়া এলাকার খোকন মোহন্তের ছেলে সাগর মোহন্ত (২১) এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের জামিরতা এলাকার আলমাসের ছেলে তানভীর হোসেন (২১)। এতে সানি নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তারা তিনজনই বগুড়া সরকারি পলিটেকনিকের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, তানভীর, সাগর ও সানি মোটরসাইকেলযোগে দ্বিতীয় বাইপাস ধরে মাটিডালীর দিকে যাচ্ছিলেন। আর শেরপুরের একটি খালি ট্রাক বেতগাড়ী লিচুতলার দিকে যাচ্ছিল। নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানভীর মারা যান। পরে সানি ও সাগরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে সেখানে সাগরের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি করেছে পুলিশ। এ ঘটনায় নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাসচাপায় স্কুলছাত্রী নিহত : গাজীপুর মহানগরীর টঙ্গীতে স্কুলে যাওয়ার পথে বাসচাপায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা হক নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর বনমালা রোডে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা হক (১০) গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার দত্তপাড়ার এলাকার শামসুল হকের মেয়ে। ফাতেমা দত্তপাড়া সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

টঙ্গী থানার এসআই ইয়াসিন আরাফাত জানান, ফাতেমার মা রিতা ও শামসুল হক দুজনই দুবাইপ্রবাসী। সে ফুফু শাহানাজ বেগমের সঙ্গে থাকত। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ফুফুর সঙ্গে অটোরিকশায় দিয়ে স্কুলে যাচ্ছিল। তাদের বহনকারী অটোরিকশাটি টঙ্গীর দত্তপাড়া সিরাজ উদ্দিন সরকার সড়কের বনমালা টেকপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে কোহিনুর কেমিক্যাল লিমিটেডের স্টাফ বাস ধাক্কা দিলে ফাতেমা অটোরিকশা থেকে রাস্তায় পড়ে যায়। পরে বাসের সামনের চাকায় ফাতেমার মাথা থেঁতলে গেলে ঘটনাস্থলেই নিহত হয়। 

সংবাদ পেয়ে ওই স্কুলে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে সকাল ১০টায় টঙ্গীর বনমালা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে সাড়ে ১০টার দিকে তারা অবরোধ তুলে নেয়। এ ঘটনায় বাসটিকে পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে।  

ভালুকায় ড্রামট্রাকের চাপায় মিল শ্রমিক নিহত : ময়মনসিংহের ভালুকায় ড্রামট্রাকের চাপায় রাসেল (২৫) নামে এক মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যারাতে উপজেলার কাশর আরিফ টেক্সটাইল মিলের ৭ নম্বর গেটের সামনে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মিল শ্রমিক রাসেল উপজেলার কাশর আরিফ টেক্সটাইল মিলের ৭ নম্বর গেটের সামনে মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময় একটি ড্রামট্রাক ময়মনসিংহ ট-১১-০৭৮০ পেছন থেকে তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় স্থানীয়রা ড্রামট্রাক ও চালক হবিরবাড়ীর তারা মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ভালুকা মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, চালক ও ড্রামট্রাক স্থানীয়রা আটক করলেও আপস-মীমাংসা করে পরে নিজেরাই চালক ও ট্রাকটি ছেড়ে দেয়। এ ঘটনায় নিহতের ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত