ঈশ্বরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২৪ জুলাই ২০২২, ০২:৫৮ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ও রবিবার ভোরে দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত দুইজনের মধ্যে একজন ট্রাকচালক, অপরজন প্রাইভেটকার চালক বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জের ট্রাকচালক আব্দুল হালিম (৩০) ও ময়মনসিংহের ধোবাউড়ার প্রাইভেটকার চালক সাইফুল ইসলাম (৩৬)।

ঈশ্বরগঞ্জ থানার এসআই রেজাউল করিম জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ ব্র্যাক অফিসের সামনে এক ট্রাক অপর ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে ট্রাকচালক আবদুল হালিম ও হেলপার আহত হয়।

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চালক আবদুল হালিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত হেলপারকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জের হারুয়া বাজারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী বিশাল পরিবহনের একটি বাস ও কিশোরগঞ্জগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক সাইফুল মারা যান।

এসআই রেজাউল করিম আরও জানান, দুইজনের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত