যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির আগামী মাসের সম্ভাব্য তাইওয়ান সফর নিয়ে জো বাইডেন প্রশাসনকে চীন ভেতরে ভেতরে কড়া হুঁশিয়ারি দিয়েছে বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। এসব হুঁশিয়ারির মাধ্যমে সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়ারই ইঙ্গিত দেওয়া হচ্ছে, এ ধরনের পরিস্থিতি সম্বন্ধে ধারণা রাখেন এমন একাধিক ব্যক্তিকে উদ্ধৃত করে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।
গত শনিবার তাদের প্রতিবেদনে চীনের হুঁশিয়ারির সঙ্গে পরিচিত ছয়জন বলেছেন, আগে তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি ও কর্মকাণ্ডে অসন্তুষ্ট হলে পেইচিং যেসব হুঁশিয়ারি দিত, এবারের হুঁশিয়ারিগুলো তার চেয়েও কড়া মনে হচ্ছে। তবে এ প্রতিবেদনের বিষয়ে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদ এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পেলোসি আগামী মাসে তাইওয়ান সফরের কথা ভাবছেন বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছিল ফাইন্যান্সিয়াল টাইমস। তার পরদিনই এক প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকারের তাইওয়ান সফর চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষুন্ন করবে।
