জেলেদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাৎ মামলায় চাঁদপুর সদরের কল্যাণপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন রনি পাটওয়ারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনির বিরুদ্ধে সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জেলেদের ৮২ বস্তা চাল আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। এ মামলায় সাখাওয়াত হোসেন রনি জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, গত মে মাসে কল্যাণপুর ইউনিয়নে জাটকা রক্ষায় জেলেদের জন্য ৫৩ দশমিক ৬৮০ টন চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে জেলেদের চাল না দিয়ে তা আত্মসাৎ করার অভিযোগ ওঠে চেয়ারম্যানের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের নির্দেশে দুটি গুদাম সিলগালা করা হয়। পরে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেন।
