ব্যাংকের বিনিয়োগ গণনা পদ্ধতি নির্ধারণে বৈঠক আজ

আপডেট : ২৬ জুলাই ২০২২, ১২:০৭ এএম

পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ গণনা পদ্ধতি নির্ধারণে বৈঠক ডেকেছে অর্থ মন্ত্রণালয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ বেলা ৩টায় অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা (এক্সপোজার), গণনা পদ্ধতি ও বন্ডকে কোন পদ্ধতিতে এক্সপোজার সীমা থেকে বাইরে রাখা যায় এসব বিষয়ে আলোচনা হবে। পুঁজিবাজারে বিনিয়োগ সীমায় ব্যাংক ও লিজিং কোম্পানির বিনিয়োগ গণনার পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর বিনিয়োগ বাজার মূল্যে হিসাব করলেও এসইসিসহ পুঁজিবাজারসংশ্লিষ্টরা তা ক্রয়মূল্যে বিবেচনার দাবি জানায়। একই সঙ্গে এসইসি বন্ডে বিনিয়োগ ব্যাংকের এক্সপোজারের বাইরে রাখার দাবি জানালেও বাংলাদেশ ব্যাংক এক্সপোজারের মধ্যেই তা হিসাব করছে। এসব বিতর্ক অবসানের জন্য নতুন গভর্নর আবদুর রউফ তালুকদার উদ্যোগ নিয়েছেন। এ লক্ষ্যে বিনিয়োগ সীমা গণনায় বাজারদরের পরিবর্তে ক্রয়মূল্যকে বিবেচনায় নেওয়ার জন্য অনুমোদন বা স্পষ্টীকরণের জন্য গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত