আহ্বায়ক ছাড়াই নড়াইল যুব মহিলা লীগের সম্মেলন

আপডেট : ২৬ জুলাই ২০২২, ১২:১৪ এএম

নড়াইল জেলা যুব মহিলা লীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা শিল্পকলা অডিটরিয়ামে এ সম্মেলন হয়। তবে সম্মেলনের ব্যাপারে জানানো হয়নি জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক নাছিমা রহমান পলি ও যুগ্ম আহ্বায়ক সুইটি বিশ্বাসকে। সম্মেলনের উদ্বোধন করেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার।

সম্মেলনে বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, প্রধান বক্তা যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু প্রমুখ। সম্মেলনে জেলার তিনটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুব মহিলা লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এদিকে সম্মেলন অনুষ্ঠিত হলেও নতুন কমিটি গঠন হয়নি। নেতারা জানান, শিগগিরই কেন্দ্র থেকে জেলা মহিলা যুবলীগের কমিটি ঘোষণা করা হবে।

এদিকে সম্মেলনে উপস্থিত ছিলেন না জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক নাছিমা রহমান পলি ও যুগ্ম আহ্বায়ক সুইটি বিশ্বাস। সম্মেলনের ব্যানারেও সভাপতির নাম লেখা ছিল না। কেন উপস্থিত ছিলেন না এমন প্রশ্নের জবাবে নাছিমা রহমান পলি বলেন, ‘সম্মেলনের ব্যাপারে আমাকে এবং যুগ্ম আহ্বায়ক সুইটি বিশ্বাসকে বলা হয়নি।’

এ ব্যাপারে কথা বলতে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নড়াইলের বাসিন্দা শারমিন সুলতানা শর্মীর মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে তা বন্ধ পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত