৫ লাখ টাকায় চুক্তি করে অন্যজনের মাধ্যমে লিখিত পরীক্ষায় পাস করে মৌখিকে এসে ধরা পড়েছেন এক নিয়োগপ্রার্থী। চট্টগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময় হাতের লেখা মিলিয়ে এ জালিয়াতি উদঘাটন করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। গতকাল সোমবার সকালে মৌখিক পরীক্ষার সময় জালিয়াতির অভিযোগে আটক ওই প্রার্থীকে পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। গ্রেপ্তার মো. মুজিবুর রহমানের (৩০) বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কশিনার প্লাবন কুমার বিশ্বাস বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের জন্য জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২২ এপ্রিল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় মুজিবুরের হয়ে অন্য একজন অংশ নেন। মুজিবুর উত্তীর্ণ হন। চলতি মাস থেকে প্রতিদিন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ১০০ জন করে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছিল। সোমবার মুজিবুর মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসেন। এ সময় তার হাতের লেখার সঙ্গে লিখিত পরীক্ষাপত্রের লেখার গরমিল পাওয়া যায়। লেখার গরমিল থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি কক্সবাজারের পেকুয়ার মানিক নামে তার এক বন্ধুর মাধ্যমে ৫ লাখ টাকার চুক্তিতে একজনকে ভাড়া করে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা স্বীকার করেন।’
তিনি আরও বলেন, ‘স্বীকারোক্তির পর মুজিবুরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে নিয়মিত মামলা করা হবে।’
