মিয়ানমারের নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সাবেক এক সংসদ সদস্যসহ গণতন্ত্রপন্থি চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সামরিক সরকার।
গতকাল সোমবার মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদপত্রে এ তথ্য জানানো হয়েছে। দেশটির গ্লোবাল নিউ লাইট পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, ‘নৃশংস ও অমানবিক সন্ত্রাসী কর্মকাণ্ডে’ নেতৃত্ব দেওয়ায় এই চারজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তবে কোথায় এ দণ্ড কার্যকর হয়েছে তা নিয়ে ক্ষমতাসীন জান্তা সরকারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
নির্বাচিত সরকারকে সরিয়ে গত বছর ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মিয়ানমারের শীর্ষ নেতাদেরসহ অনেককে গ্রেপ্তার করে সামরিক জান্তা। বেশ কজনকে দেওয়া হয় মৃত্যুদণ্ড।
যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে গণতন্ত্রপন্থি আন্দোলনকারী জিমি নামে পরিচিত কেয়াও মিন উ এবং সাবেক সংসদ সদস্য ও হিপ-হপ শিল্পী ফিও জেয়া থ রয়েছেন। কেয়াও মিন উ (৫৩) এবং ফিও জেয়া থ (৪১) মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তারা দুজনেই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করলেও জুনে তা খারিজ হয়ে যায়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া অপর দুজন হলেন হ্লা মায়ো অং ও অং থুরা জ।
মিয়ানমারে গণতন্ত্রপন্থিদের মৃত্যুদণ্ডের মাধ্যমে ১৯৮৮ সালের পর আবারও মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর শুরু করল জান্তা সরকার। চার গণতন্ত্রপন্থির মৃত্যুদণ্ড কার্যকর করায় জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তীব্র নিন্দা জানিয়েছে। এদের মৃত্যুদণ্ড কার্যকর করাকে জনগণের মধ্যে ‘ভয় জাগানোর জঘন্য প্রচেষ্টা’ হিসেবে দেখছে জাতিসংঘ। এ ঘটনায় ‘বিরক্ত ও বিপর্যস্ত’ জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এশিয়াবিষয়ক ভারপ্রাপ্ত পরিচালক এলাইনে পিয়ারসন একে ‘সম্পূর্ণ নৃশংস কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন।
