দুই মলাটে আসছে ‘যমজ বোনের স্মৃতিতে ঋত্বিক ঘটক’

আপডেট : ২৭ জুলাই ২০২২, ০৩:২৪ পিএম

১৯২৫ সালের ৪ নভেম্বর অবিভক্ত বাংলার  ঢাকা শহরের ঋষিকেশ দাস রোডে জন্মগ্রহণ করেন যমজ ভাইবোন ঋত্বিক ঘটক ও প্রতীতি দেবী। তাদের যৌথ স্মৃতির একটি অংশ প্রকাশ হতে যাচ্ছে দুই মলাটে।

‘ঋত্বিককে শেষ ভালোবাসা: যমজ বোনের স্মৃতিতে ঋত্বিক ঘটক’ শিরোনামের বইটির লেখক প্রতীতি দেবী।

২০২০ সালে প্রয়াণের বেশ আগেই প্রতীতি দেবী ঋত্বিককে নিয়ে তার স্মৃতিচারণ রচনা করেছিলেন। সে স্মৃতিচারণের সঙ্গে দুর্লভ কিছু আলোকচিত্র এবং প্রতীতি দেবীর কন্যা আরমা দত্তের ভূমিকা সংবলিত বই ‘ঋত্বিককে শেষ ভালোবাসা: যমজ বোনের স্মৃতিতে ঋত্বিক ঘটক’ প্রকাশ করবে প্রকাশনা সংস্থা ঐতিহ্য।

মঙ্গলবার (২৬ জুলাই) ঢাকায় এই বই প্রকাশ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন প্রতীতি দেবীর মেয়ে জাতীয় সংসদ সদস্য আরমা দত্ত ও ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঐতিহ্য জানায়, আগামী ৪ নভেম্বর ঋত্বিক ঘটক ও প্রতীতি দেবীর  ৯৭তম জন্মবার্ষিকীতে প্রকাশ ‘ঋত্বিককে শেষ ভালোবাসা: যমজ বোনের স্মৃতিতে ঋত্বিক ঘটক’।

সেখানে ঋত্বিক ও প্রতীতি জীবন সম্পর্কে বলা হয়, যমজ হলেও ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস পাল্টে দেয় দুই ভাই-বোনের গতিপথ। কালক্রমে ভাই ঋত্বিক কলকাতা গমন করেন এবং পরিণত হয়েছেন বাংলার বরেণ্য চলচ্চিত্রকার হিসেবে। বোন প্রতীতি দেবী বাংলাদেশে রয়ে যান, সমাজকর্মে যুক্ত হন এবং বিবাহবন্ধনে আবদ্ধ হন বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি আদায়ের পথিকৃৎ শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের পুত্র কবি, সাংবাদিক ও অভিনেতা সঞ্জীব দত্তের সঙ্গে।

যমজ ভাইবোন ঋত্বিক ও প্রতীতির সম্পর্ক ছিল অন্য মাত্রার। মহান  মুক্তিযুদ্ধের পর প্রতীতি দেবীর ঢাকা ও কুমিল্লার বাড়িতে কলকাতা থেকে প্রায়শই চলে আসতেন ঋত্বিক ঘটক; প্রতীতি দেবীর শাড়িতেই ঋত্বিক ‘তিতাস একটি নদীর নাম’ চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছিলেন।

ঋত্বিক ও প্রতীতির পরিবারের সদস্যরা বাংলা সাহিত্য-সংস্কৃতির নানা ক্ষেত্রে ভূমিকা রেখে যাচ্ছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন কবি মনীশ ঘটক, কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবী, নাট্যকার বিজন ভট্টাচার্য, কথাসাহিত্যিক নবারুণ ভট্টাচার্য, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত