বিএনপির বিদ্যুৎ নিয়ে বিক্ষোভ বছরের সেরা কৌতুক : কাদের

আপডেট : ২৮ জুলাই ২০২২, ০২:৩৭ এএম

বিএনপির বিদ্যুৎ নিয়ে বিক্ষোভ বছরের সেরা কৌতুক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বুধবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা বিশ্ব অর্থনীতির সাম্প্রতিক গতিধারা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব, কভিড পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার দেখছে না, তারা দেখে শুধু শেখ হাসিনা সরকারের তথাকথিত ব্যর্থতা আর স্বপ্ন দেখে ক্ষমতার মসনদ। বিএনপির রাজনীতি এখন উটপাখির নীতিতে চলছে।’

বিশ্ববাজারে তেল, গ্যাস, ভোজ্য তেল, সারের দাম এখনো অস্থির জানিয়ে তিনি বলেন, ‘সরকার জনকল্যাণে ভর্তুকি দিয়ে সাপ্লাই চেইন ঠিক রাখার অব্যাহত প্রয়াস চালিয়ে যাচ্ছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিএনপি বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে ভালো কথা, তারা বিক্ষোভ করুক, মিছিল করুকএটা বিএনপির গণতান্ত্রিক অধিকার। বিক্ষোভের নামে জনগণের শান্তি বিনষ্টের অপপ্রয়াস চালালে জনস্বার্থে সরকার তা কঠোর হস্তে দমন করবে।’

বিএনপি নেতাদের নির্বাচনী গণতন্ত্রের কথা বলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চান, নির্বাচিত হয়ে সংসদে না যাওয়া কোন নির্বাচনী গণতন্ত্র? তিনি বলেন, ‘যাদের নিজেদের সর্বাঙ্গে পঙ্কিলতা তাদের গণতন্ত্রের সবক দেওয়া হাস্যকর এবং অর্থহীন।’

এর আগে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের শান্তি ও উন্নয়ন উপদেষ্টা রেবেকা আদ্দা-দনতো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত