নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় খালাস পেয়েছেন আরেক ব্যক্তি। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে এ আদেশ দেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মুন্সি মুশিয়ার রহমান।
দণ্ডিত আসামি ইসমাইল মিয়া (৩৩) কিশোরগঞ্জের পীরপুরের গিয়াসউদ্দিনের ছেলে। খালাস পাওয়া ব্যক্তির নাম মো. মাসুম (৩৩)। তিনি মিজমিজি চৌধুরীপাড়া এলাকার আলী আহম্মেদের ছেলে।
২০১৯ সালের ১ আগস্ট সিদ্ধিরগঞ্জের সানারপাড় আদর্শনগর এলাকার একটি বাড়ি থেকে বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ ইসমাইলকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা (মামলা নং-০১/৫২৭) দায়ের হয়।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৯ সালের ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের বটতলা এলাকা থেকে ইসমাইল মিয়াকে আটক করে র্যাব-১১। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও লোহার তৈরি বাটাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় দুজনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করেন র্যাবের পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম। মামলার তদন্ত শেষে ২০২০ সালের ২৬ মে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত মামলার আসামি ইসমাইলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। অপর আসামি মো. মাসুমকে খালাস দেওয়া হয় বলে জানান আসাদুজ্জামান।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুজ্জামান বুলবুল জানান, সাক্ষ্য-প্রমাণ শেষে ইসমাইলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় মাসুম নামের একজনকে খালাস প্রদান করা হয়েছে।
