নজিরবিহীন অর্থনৈতিক-রাজনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় চলমান জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। লঙ্কান পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে জরুরি অবস্থার মেয়াদ এক মাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বুধবার এ বিষয়ে পার্লামেন্টের ২২৫ জন সদস্যের মধ্যে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির পক্ষে ভোট দেন ১২০ আইনপ্রণেতা। বিপক্ষে অবস্থান নেন ৬৩ জন। দেশটিতে জরুরি অবস্থা জারি রাখার পক্ষে ছিলেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
গত ১৭ জুলাই ওই সময়ের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে টালমাটাল শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করেন তিনি। তার জারি করা জরুরি অবস্থায় দেশটির সামরিক বাহিনী লোকজনকে আটক করার, জনসমাবেশ সীমিত করার ও ব্যক্তিগত সম্পত্তিতে তল্লাশি চালানোর ক্ষমতা পায়।
প্রেসিডেন্ট হিসেবে রনিলের শপথের ঠিক পরেই রাজধানী কলম্বোতে সরকারবিরোধী বিক্ষোভস্থলে অভিযান চালিয়ে শতাধিক বিক্ষোভকারীকে আটক করে।
