চার গণতন্ত্রপন্থির মৃত্যুদণ্ড কার্যকর করায় মিয়ানমারের জান্তা সরকারের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। একই সঙ্গে দেশটির ক্ষমতাচ্যুত দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি নেত্রী অং সান সু চিসহ আটক রাজনৈতিক নেতা, অধিকার কর্মীদের মুক্তির দাবি জানানো হয়েছে।গত বুধবার পরিষদের ১৫ সদস্যের অনুমোদনে দেওয়া এক বিবৃতিতে মিয়ানমারের মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ে সর্বশেষ অবস্থান তুলে ধরল জাতিসংঘের অন্যতম প্রধান অঙ্গ নিরাপত্তা পরিষদ। বিবৃতিতে জনগণের ইচ্ছা ও স্বার্থকে প্রাধান্য দিয়ে সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানানো হয়।
গত সোমবার ২৫ জুলাই অং সান সু চির ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এবং গণতন্ত্রপন্থি আন্দোলনকারী কেয়াও মিন উ (জিমি), সাবেক সংসদ সদস্য ও হিপ-হপ শিল্পী ফিও জেয়া থ, হ্লা মায়ো অং এবং অং থুরা জ নামের চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করার খবর প্রকাশ করে মিয়ানমারের সামরিক সরকার।
এরপর বিশ্বব্যাপী শুরু হওয়া সমালোচনা, নিন্দাকে উপেক্ষা করে মৃত্যুদণ্ডের পক্ষেই সাফাই গায় জান্তা সরকার। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখলে নেওয়া জান্তা এখন পর্যন্ত নানা অভিযোগে ১১৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে।
