গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী রেলস্টেশনে দোলনচাঁপা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে গতকাল শনিবার গণ-অনশন করেছে এলাকাবাসী। সকাল ৮টায় গণ-অনশন শুরু হয়। স্টেশনের প্ল্যাটফর্মে ব্যানার টানিয়ে বিভিন্ন পেশার দুই শতাধিক মানুষ গণ-অনশনে অংশ নেন।
গণ-অনশন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি কাজী আবদুল খালেক। বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আইনজীবী ফারুক কবির, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির, মানবাধিকারকর্মী অঞ্জলী রানী দেবী, এলাকাবাসীর পক্ষে মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, গোলাম মোস্তফা, আবদুল মাজেদ, খোরশেদ আলম, মারুফ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, দুটি দোলনচাঁপা ট্রেন পঞ্চগড় থেকে গাইবান্ধা হয়ে সান্তাহার রুটে চলাচল করছে। কিন্তু বাদিয়াখালী রেলস্টেশনে যাত্রাবিরতি নেই। ফলে এলাকাবাসী দোলনচাঁপা ট্রেন ভ্রমণ থেকে বঞ্চিত হচ্ছেন।
গণ-অনশন শেষে বাদিয়াখালী স্টেশনমাস্টারের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চলের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
