পাকিস্তানের বেলুচিস্তানে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ১৩৬ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের ৪৭ জনই শিশু। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রদেশটিতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। কিন্তু বন্যায় বিস্তৃত অঞ্চল প্লাবিত হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে জিও নিউজ। বেলুচিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্র্তৃপক্ষের (পিডিএমএ) দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বন্যায় মৃত ১৩৬ জনের মধ্যে ৫৬ জন পুরুষ, ৪৭ শিশু ও ৩৩ জন নারী রয়েছে। বন্যায় আরও ৭০ জন আহত হয়েছে। পিডিএমএ’র প্রতিবেদন অনুযায়ী, বৃষ্টিতে ১৩ হাজার ৫৩৫টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৪০৬টি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মুষলধারে বৃষ্টিতে ১৬টি সেতু এবং ৬৪০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক বন্যায় ২০ হাজারের বেশি গবাদিপশু মারা গেছে।
×
