কবিরাজের অপচিকিৎসায় তাসলিমা আক্তার (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাশর্^বতী বেড়বাড়ী গ্রামের আসমান আলী কবিরাজের বিরুদ্ধে সখীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন নিহতের পরিবার। হত্যার শিকার তাসলিমা ওই গ্রামের মোতালেব হোসেনের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, বিয়ের কিছুদিন পর তাসলিমা মানসিক রোগে আক্রান্ত হন। তার এমন আচরণ দেখে বেড়বাড়ী গ্রামের আসমান আলী তাসলিমার ‘ভূতের আছর’ আছে বলে দাবি করেন। ডাক্তারের কাছে না নিয়ে তার কাছে ‘কবিরাজি’ চিকিৎসা করালেই ভালো হয়ে যাবে বলে পরামর্শ দেন। বেশ কিছুদিন ধরে ওই কবিরাজ তাসলিমাকে নানা ঝাড়ফুঁক দিয়ে আসছেন।
তাসলিমার স্বামী রাসেল আহমেদ বলেন, ‘কিছুদিন ধরে ভূত ছাড়ানোর জন্য কবিরাজের কাছে আমার স্ত্রীর চিকিৎসা চলছে। কবিরাজ ভূত ছাড়াতে আমার স্ত্রীর নাক দিয়ে পেঁয়াজের রস, গাছের মিশ্রিত রসসহ বিভিন্ন উপাদান দিয়ে তার চিকিৎসার কাজ চালান। গত মঙ্গলবার চিকিৎসারত অবস্থায় সে অজ্ঞান হয়ে যায়। রাতে তাসলিমার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’ সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
