মিয়ানমার সফরে এসে ক্ষমতাসীন জান্তা সরকারের প্রতি রাশিয়ার সমর্থন জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাওয়াদ্দির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ‘স্থিতিশীলতা’ ফেরাতে সামরিক সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন ল্যাভরভ।
ইরাওয়াদ্দি জানিয়েছে, গতকাল বুধবার মিয়ানমার সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী দেশটির রাজধানী নেপিদোতে সামরিক সরকারের উচ্চপদস্থদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ল্যাভরভ বলেন, ‘দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে জান্তা সরকারের প্রচেষ্টার প্রতি আমরা সংহতি জানাই।’ ২০২৩ সালে মিয়ানমারে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের মাধ্যমে দেশটি আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইউক্রেন যুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডলে মিয়ানমারের ‘ভারসাম্যপূর্ণ’ অবস্থানের প্রশংসা করেছেন ল্যাভরভ। মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের পররাষ্ট্রমন্ত্রী উন্না মুয়াং লউইনের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউক্রেন পরিস্থিতিতে মিয়ানমার ভারসাম্যপূর্ণ এবং দায়িত্বশীল অবস্থান ধরে রেখেছে। কারণ মিয়ানমারও জানে পশ্চিমারা বাকি সবাইকে নিজেদের ইচ্ছেমতো চালাতে চায়।’
