কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৯৪ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ দুই মাদক চোরাকারবারীকে আটক করেছে রংপুর র্যাব-১৩।
বুধবার (০৩ আগস্ট) রাতে র্যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
আটককৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের আফজাল হোসেনের ছেলে মামুন পোদ্দার (২২) ও একই ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের নুর মোহাম্মদের ছেলে ও ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র্যাব-১৩ ব্যাটালিয়নের একটি বিশেষ টিম উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নজরমামুদ এলাকার দক্ষিণ নজরমামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুই মাদক চোরাকারবারিকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের তল্লাশি করে ১৯৪ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে দুই মাদক চোরাকারবারিকে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হলে র্যাব তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুইজনকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
