আত্মীয়স্বজনদের নিয়ে কমিটি গঠনের অভিযোগ এনে নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাতিলের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতারা।
এ সময় বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মোফাখখার হোসেন খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি মনোয়ার হোসেন মিনার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক সুমন তাজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা সুজন প্রমুখ।
বক্তারা বলেন, স্বজনপ্রীতির মাধ্যমে অযোগ্যদের জেলা কমিটিতে স্থান দেওয়া হয়েছে। মামলার আসামিকে সভাপতি করা হয়েছে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শিববাড়ী দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
