১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যাকান্ডে নিহত ক্রীড়াবিদ শহীদ সুলতানা কামাল স্মরণে তেঁতুলিয়ার জিরো পয়েন্ট থেকে টেকনাফ পর্যন্ত সাইকেল যাত্রা শুরু হয়েছে। পঞ্চগড়ের সাইক্লিস্ট সিয়ান ও আবিদ এই সাইকেল যাত্রায় অংশ নিয়েছেন।
১৫ আগস্ট স্মরণে মাসব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে এই সাইকেল যাত্রা শুরু হয়। পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা গত বুধবার সাইকেল যাত্রার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর হাসনাত হামিদুর রহমান, বাংলাবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাবুব মিলন, সাধারণ সম্পাদক মানিক হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা বলেন, বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল বাংলাদেশের ক্রীড়াজগতের একজন উজ্জ্বল নক্ষত্র। ১৯৬৮ সালে পাকিস্তান অলিম্পিকে হার্ডলসে সোনা জয় করেন তিনি। ১৯৭০ সালে লাহোরে নিজের রেকর্ড নিজে ভেঙে নতুন রেকর্ড করে সোনা জেতেন। স্বাধীনতার পর প্রথম ১৯৭৩ সালে ঢাকা স্টেডিয়ামে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রথম আসরে এককভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ১০০ মিটার হার্ডলস, হাই জাম্প এবং ব্রড জাম্পে তিনি প্রথম হন।
তিনি আরও বলেন, মাসব্যাপী অনুষ্ঠানে আমরা পঞ্চগড়ে ১৫ আগস্টের শহীদদের একেক দিনে একেকজনকে স্মরণ করে দিবস পালন করছি।
