রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ০২:৩৮ পিএম

ভারতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও খাদ্যপণ্যের ওপর জিএসটি বসানোর প্রতিবাদে বিরোধী দল কংগ্রেসের বিক্ষোভ থেকে আটক করা হয়েছে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে।

শুক্রবার (০৫ আগস্ট) দেশটির পার্লামেন্টের ভেতরে ও বাইরে কংগ্রেস সংসদ সদস্যরা বিক্ষোভ করার সময় তাদের আটক করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, বিক্ষোভের কারণে দিল্লির কয়েকটি সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং খাদ্যপণ্যের ওপর জিএসটি আরোপের প্রতিবাদে সংসদ সদস্য ও কংগ্রেস সমর্থকদের একটি মিছিল নিয়ে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। বিজয় চক পৌঁছনোর আগেই তাদের আটক করে দিল্লি পুলিশ। এ দিন সংসদ ভবন চত্বরে সোনিয়া গান্ধীকেও বিক্ষোভ দেখাতে দেখা যায়।

গ্রেপ্তারের আগে রাহুল গান্ধী বলেন, আমরা গণতন্ত্রের মৃত্যু প্রত্যক্ষ করছি। এক শতাব্দী আগে ধীরে ধীরে যা তৈরি হয়েছিল তা আমাদের চোখের সামনে ধ্বংস হয়েছিল। যে বা যারাই একনায়কতন্ত্রের বিরোধিতা করছে তাদেরকেই মারাত্মক আক্রমণ, কারাগারে প্রেরণ করা হচ্ছে।’

এদিকে, ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কংগ্রেসকর্মীরা। প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করারও কর্মসূচি রয়েছে কংগ্রেসের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত