বরিশালে কবরস্থান থেকে ৭ কঙ্কাল চুরির অভিযোগ

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০১:০৩ পিএম

বরিশালের একটি পারিবারিক কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে।

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের মাঝি বাড়ির পারিবারিক কবরস্থান থেকে এই কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

শুক্রবার সকালে উপজেলা বার্থী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাউধের খাল এলাকার মাঝি বাড়ির পারিবারিক কবরস্থানে ৭টি কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে।

ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার (৪ আগস্ট) দিবাগত রাত ১২টার পর থেকে শুক্রবার ভোর রাতের যেকোনো সময় চুরির ঘটনা ঘটে।

ওই বাড়ির বাসিন্দা হাসানাত মাঝি জানান, সকালে পারিবারিক কবরস্থানের কবরগুলোতে বড় গর্ত হয়েছে বলে জানতে পারি। এরপর গর্তগুলো ভরাট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

প্রতিটি কবরই অনেক পুরোনো বলে জানান তিনি।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের মাঝি বাড়ির পারিবারিক কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। কবরগুলো ৫ জন পুরুষ ও দুই নারীর।

পুলিশ পরিদর্শক বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বার্থীর ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মনু মোল্লা জানান, দুর্বৃত্তরা মাঝিবাড়ি কবরস্থান থেকে ৭ জনের কঙ্কাল চুরি করেছে, এর মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।

এর আগে গত ৩০ জুলাই ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের ঐতিহাসিক পীরডাঙ্গী গোরস্থানের ১৯টি কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত