নদীর নাম ইছামতি। এক সময় এই নদীতে দিন-রাত শোনা যেত লঞ্চ ও জাহাজের সাইরেন। পদ্মা নদীর সঙ্গে ইছামতির সংযোগ থাকায় নদীতে ছিল তীব্র স্রোত। স্রোতের তীব্রতায় নদীর গর্ভে চলে যায় মানুষের বসত বাড়ি, হাট বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠান। নদী ভাঙন থেকে মানুষের বসত ঘরবাড়ি রক্ষার্থে ২০০০ সালে নির্মাণ করা হয় ১৫ কিলোমিটার বেড়িবাঁধ। তবে সেই বেড়িবাঁধে পর্যাপ্ত জলকপাট (সুইস গেট) না থাকায় বর্ষা মৌসুমেও পানিশূন্যতা দেখা দিয়েছে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা হতে কাঁশিয়াখালি বেড়িবাঁধ পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার নদীপথে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, নদী ভাঙন ও বন্যার হাত থেকে রক্ষা করতে ইছামতি নদীতে ১৯৯৯-২০০০ অর্থবছরে দোহারের অরঙ্গাবাদ থেকে মানিকগঞ্জের হাটিপাড়া বংখুরী পর্যন্ত ১৫ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়। যে বাঁধটি ঢাকা জেলা দক্ষিণ রক্ষা বেড়িবাঁধ নামে পরিচিত। বেড়িবাঁধের কারণে সে যাত্রায় নদী ভাঙন হতে রক্ষা পেলেও সেই বেড়িবাঁধই এখন ইছামতি নদী মরার কারণ হয়ে দাঁড়িয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের অদক্ষতা ও অপরিকল্পতায় বাঁধের ইছামতি-পদ্মা নদীর সংযোগ স্থলে জলকপাট (সুইস গেট) স্থাপন না করা এবং বহু বছরেও নদীটি ড্রেজিং না করায় ইছামতি এখন বিলুপ্তির পথে।
সরজমিনে ইছামতি নদীর তীর ঘুরে দেখা যায়, পানির অভাবে হারিয়ে যেতে বসেছে ইছামতির আপন চেহারা। এতে সমস্যায় পড়েছে স্থানীয় পাঁচ হাজার জেলে পরিবারের প্রায় ২৫ হাজার সদস্য। সেই সঙ্গে বেকার হয়ে পড়েছে নদীর সঙ্গে সম্পৃক্ত হাজারও পেশার মানুষ। আর এর বিরূপ প্রভাব পড়েছে ঢাকা জেলার দোহার-নবাবগঞ্জ, মুন্সীগঞ্জের সিরাজদিখান ও মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ওপর। স্বেচ্ছাসেবী সংগঠন কাঁশিয়াখালী বেড়িবাঁধ রক্ষা মঞ্চ, সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরম, ইছামতি বাঁচাও আন্দোলন ও স্থানীয় বাসিন্দারা মূল নদীতে জলকপাট (সুইস গেট) নির্মাণের দাবি জানালেও কর্তৃপক্ষ এ ব্যাপারে সব সময়ই উদাসীনতার পরিচয় দিয়েছেন।
এছাড়া নদীর কূল ঘেষে যত্রতত্র হাট-বাজার বা ব্যক্তিগত ক্লিনিক রয়েছে। এসব প্রতিষ্ঠানের বর্জ্য প্রতিনিয়ত ফেলা হচ্ছে নদীতে। এর ফলে দূষিত হচ্ছে পরিবেশ ও নদীর পানি। ক্লিনিক বা বাজারের বর্জ্য ও ময়লার স্তূপ জমে আছে নদীর বুকে, পচাঁ গন্ধে নদীর কাছেও যাওয়া যায় না। নদীপথ বন্ধ হওয়ায় অবহেলিত ইছামতি এখন ময়লা আবর্জনা ফেলার ডাসবিনে পরিণত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নবাবগঞ্জের এক মানবাধিকার কর্মী বলেন, ক্লিনিক বা বাজারের মালিকরা ইচ্ছাকৃতভাবে বজ্য ফেলে নদীর পানির দূষিত করছে। কিন্তু প্রশাসন ব্যাপারটা গুরুত্ব সহকারে নিচ্ছে না। প্রশাসনকে বিষয়টি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
নদীটি এখন কচুরিপানার দখলে। কচুরিপানার কারণে এবছর বাংলা ভাদ্র মাসের ঐতিহ্যবাহী শিকারিপাড়া ইউনিয়নের দাউদপুরে ইছামতি নদীর নৌকা বাইচসহ কয়েকটি স্থানের বাইচ আয়োজন পন্ড হতে পারে বলে শষ্কায় রয়েছেন নৌকা বাইচ কমিটি। নদীর এমন করুণ দশায় হতাশ স্থানীয়রাও।
স্থানীয়রা জানান, ঢাকা জেলার অন্যতম বৃহত্তম কোঠাবাড়ির বিলে আজ পানির অভাবে ধান চাষ করতে পারছেন না কৃষকরা। এক সময় এই বিলেই চাষ হতো লাখ লাখ হেক্টর ইরি-বোরো ধান। বিলের পানির উৎপাদিত ধানই নবাবগঞ্জ ও দোহার উপজেলাবাসীর চালের চাহিদা মেটাতো। অপরদিকে বর্ষা মৌসুমে জেলেরা এ বিলের পানিতে রাত-দিন মাছ শিকারে ব্যস্ত থাকতো। আর সেই মাছ বিক্রি করেই সংসার চলতো জেলে পরিবারগুলোর। এখানে পাওয়া যেত দেশি প্রজাতির হরেক রকম সুস্বাদু মাছ। কিন্তু এখন মাছ পাওয়া তো দূরের কথা দেখা দিয়েছে পানির চরম অভাব।
বান্দুরার মৎস্যজীবী অমল হালদার বলেন, আমার পূর্ব পুরুষের পেশা মাছ শিকার। আমার মত শত শত পরিবার আছে বান্দুরায় যারা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতো। কিন্তু এখন নদীতে নামা যায় না। পানি পচে র্দুগন্ধ বের হচ্ছে। বাধ্য হয়ে অনেকে পেশা পরিবর্তন করে অন্য পেশায় চলে যাচ্ছেন। কোথাও আবার জমে থাকা কচুরিপানায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে নদীর পানি।
নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, নদী মরে যাওয়ায় এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, কৃষিকাজ ও মৎস্য আহরণে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রয়োজন নদীমুখে জলকপাট। তিনি আরও বলেন, ইছামতি নদীতে আমরা প্রতিবছর মানুষকে বিনোদন দেওয়ার জন্য বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে থাকি। এবছর নদীতে স্রোত না থাকায় কচুরিপানায় ভরে গেছে। নৌকা বাইচ আয়োজন নিয়ে দুচিন্তায় আছি।
এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঢাকা বিভাগের প্রধান প্রকৌশলী মো. আব্দুল মতিন সরকার দেশ রূপান্তরকে বলেন, ২০১০ সালে এই বাঁধে ৬টি সুইচ গেইট, ইছামতি নদীর ৭২ কিলোমিটার খনন এবং আড়িয়াল বিলের ৬টি খাল খননসহ সমন্বয় পানি নিষ্কাশন নামে একটি প্রকল্প ওপর মহলে জমা দেওয়া আছে। সেটি পাস হলেই কাজ শুরু করবো।
এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, ইছামতি নদী খনন ও সুইস গেইট নির্মাণের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমানের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, ইছামতি নদী নিয়ে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। কাঁশিয়াখালি বেড়িবাঁধে দুটি সুইস গেইট রয়েছে নদীর স্বার্থে আরও সুইস গেইট নির্মাণ করা হবে।
