ফেনীতে ট্রেন থামিয়ে তেল চুরি, আটক ৩

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০৬:১০ পিএম

ফেনীতে ১৫শ লিটার চোরাই ডিজেলসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার (০৬ আগস্ট) ভোরে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুর রেললাইন ওভার ব্রিজের নিচ থেকে তেলগুলো উদ্ধার করা হয়।

এ সময় ফেনীর শর্শদীর দক্ষিণ খান বাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে মো. আব্দুল্লাহ (৫৫), উত্তর শর্শদীর মৃত ফরিদ উদ্দিনের ছেলে মো. আবু তাহের (৩৪) ও সোনাগাজীর কুটিরহাটের বাদুরিয়া গ্রামের দুলাল হোসেনের ছেলে আব্দুর রহিমকে (২২) আটক করা হয়।

এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক শাহ্ মো. ফয়সাল আহম্মেদের নেতৃত্বে একদল পুলিশ শর্শদী ইউনিয়নের ফতেহপুর রেললাইন ওভার ব্রিজের নিচে দক্ষিণ খান বাড়ি এলাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপসহ ৯ ড্রামভর্তি ১৫শ লিটার চোরাই ডিজেল উদ্ধার করে।

আটকরা জিজ্ঞাসাবাদে জানায়, শর্শদী ইউনিয়নের দক্ষিণ খান বাড়ির মো. হাসান আলী (৫২), মো. জিয়া উদ্দিন (৪৫) ও আব্দুল কাদের মিয়ার (৪৫) সহযোগিতায় ট্রেনের গার্ড, চালক ও সিজিপিওয়াইর কিছু কর্মকর্তার যোগসাজশে ফেনী শর্শদী স্টেশনের আউটার সিগন্যালের মূল পয়েন্টে থামার পরপরই ট্রেনের ইঞ্জিনে পাইপ লাগিয়ে তেল চুরি করা হয়। পরে তা অন্যত্র বিক্রি করা হয়।

এ বিষয়ে ফেনী মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত