ঝালকাঠিতে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় পার্থ হালদার (২৬) নামে এক ট্রলার চালককে খাল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের ভিমরুলী গ্রামের দুয়ারী খাল থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা।
পরে ঝালকাঠি হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য পার্থকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পার্থ একই এলাকার পরিমল হালদারের ছেলে। পার্থকে উদ্ধারকাজে অংশ নেওয়া স্থানীয় সাগর বলেন, একজন পথচারী হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় পার্থকে দুয়ারী খালে ভাসতে দেখে চিৎকার দিলে আমরা স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করি।
পার্থের স্ত্রী সমাপ্তি হালদার বলেন, ভিমরুলীর পেয়ারা চাষি সমবায় সমিতি নামের স্থানীয় একটি এনজিওর মালিক জীবন কৃষ্ণ বাবুর কাছ থেকে ছয় মাস আগে পনের হাজার টাকা ঋণ নেয় পার্থ। আমার স্বামী স্থানীয়দের কাছ থেকে ট্রলার ভাড়া নিয়ে পেয়ারা বাগানে পর্যটকদের ঘুরে দেখানোর কাজ করেন। অভাবের সংসারে দৈনিক অল্প যা আয় হয় তা দিয়েই সংসার চলত। তিন মাস আগে আমার ননদ মারা যায়, শাশুড়ি মাও অসুস্থ। এর মধ্যে কিস্তির টাকা দিতে না পারায় সমিতি থেকে লোকজন প্রতিদিন পার্থকে মারতে আসত। তারাই আমার স্বামীকে হত্যার জন্য হাত পা বেঁধে খালে ফেলে দিয়েছে। এদিকে, পেয়ারা চাষি সমবায় সমিতির মালিক জীবন কৃষ্ণ রাত থেকেই পলাতক এবং তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
