রাজধানীর বিজয় সরণিতে তেলবাহী লরির চাপায় মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মাসুদ রানা (২২) বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম ইউনিভার্সিটির এলএলবি দ্বিতীয় বর্ষের ছাত্র। গতকাল রবিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
এদিকে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ইমরান মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিজয় সরণির দুর্ঘটনার বিষয়ে কাফরুল থানার এসআই রবিউল আলম বলেন, ‘প্রাইম ইউনিভার্সিটির ছাত্র মাসুদ রানাকে বহনকারী মোটরসাইকেলটি লরির সামনে কাত হয়ে পড়ে যায়। তখন পেছন থেকে আসা একটি লরির চাকার নিচে পিষ্ট হন তিনি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ঘটনার পরপরই চালকসহ লরিটি জব্দ করা হয়েছে।’
দূরসম্পর্কের চাচা আসলাম উদ্দিন জানান, নিহত মাসুদ রানার বাড়ি মানিকগঞ্জের শিবালয়ের রূপসা গ্রামে। তার বাবা রফিজ উদ্দিন পশুচিকিৎসক। মিরপুরে প্রাইম ইউনিভার্সিটির হোস্টেলে থাকতেন মাসুদ। বাবা-মায়ের একমাত্র ছেলে ছিলেন তিনি।
যাত্রাবাড়ীতে মোটরসাইকেল চালক নিহত : রাজধানীর যাত্রাবাড়ীর হাসেম রোডে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ইমরান মিয়া নিহত হন। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে হাসেম রোড মাল্টিমিডিয়া পাম্পের সামনের ওই দুর্ঘটনায় আহত ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পেশায় ফল ব্যবসায়ী ছিলেন।
শরীয়তপুর গোসাইরহাট উপজেলার মৃত মনসুর রহমানের ছেলে ইমরান। দুই ছেলে ও এক মেয়েসহ পরিবারের সদস্যদের সঙ্গে কদমতলীর খানকা শরীফ এলাকায় থাকতেন।
চাচা মো. শাহজাহান বলেন, ‘মোটরসাইকেলে ইমরান এবং তার ছোট বোনজামাই রায়েরবাগ থেকে তাদের বাসায় ফিরছিলেন। পথে হাশেম রোডের পাম্পের সামনে একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয় বলে জানতে পেরেছি। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়।’
