বেশি লাভের আশায় অবৈধভাবে মজুত রাখা হয়েছিল ১২ হাজার বস্তা সার। তাতে বাগড়া দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বগুড়া সদরের এরুলিয়া এলাকায় রবিবার রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে ১২ হাজার বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় অবৈধভাবে সারের মজুত করায় গোডাউন সিলগালা ও দুইটি ট্রাক জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল এ অভিযান পরিচালনা করেন।
ওই সারের গোডাউনের মালিক নাজমুল পারভেজ কনক শহরের বড়গোলা এলাকার ব্যবসায়ী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিএপি ও ইউরিয়া সার মজুত করে আসছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
বগুড়া সদর উপজেলায় যে সকল সার বিক্রয়কারী ডিলার রয়েছেন তার মধ্যে এই গোডাউনের মালিক নাজমুল পারভেজ কনকের নাম নেই।
অভিযানে গোডাউন ভর্তি আনুমানিক ১২ হাজার বস্তা ডিএপি ও ইউরিয়া সার জব্দ করা হয়।
এ ছাড়া দুইটি ট্রাক যার একটি সম্পূর্ণ ভর্তি এবং একটি খালি ট্রাকও জব্দ করা হয়েছে। শেষে পুরো গোডাউন সিলগালা করেন।
অভিযানে বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, এরুলিয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
