‘কোনো রকম অসুবিধা না হলে’ নিউইয়র্কে অনুষ্ঠেয় পুলিশপ্রধানদের সম্মেলনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ যোগ দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
গতকাল সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব এ মন্তব্য করেন। এর আগে সেখানে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থাবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসনের সঙ্গে বৈঠক করেন তিনি। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর পুলিশপ্রধানদের সম্মেলন হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদলের এ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। প্রতিনিধিদলে আইজিপি বেনজীর আহমেদও আছেন।
গত বছর ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনে’র অভিযোগ এনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং এর সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার ওপর দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আইজিপির নাম রয়েছে।
এমন প্রেক্ষাপটে আইজিপির যুক্তরাষ্ট্রে সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, ‘দেখা যাক। যদি কোনো রকমের অসুবিধা না হয় তাহলে আমরা আশা করছি উনি যোগ দিতে পারবেন। আর যদি সমস্যা থাকে, সেটাও আমরা আগেই জানার চেষ্টা করব।’
নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জাতিসংঘের অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনো বিশেষ চুক্তি আছে কি না, জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, ‘একটা জেন্টেলম্যান অ্যাগ্রিমেন্ট আছে বা এ রকম একটা কনভেনশন আছে। জাতিসংঘের মিটিংয়ে যেতে গেলে...কিন্তু আমরা অতীতে দেখেছি যে... কিছু কিছু ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রমও আমরা দেখেছি। সুতরাং এটা না হওয়া পর্যন্ত আগে থেকে বলা মুশকিল।’
এমন পরিস্থিতিতে আইজিপি যাবেন কি না এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, ‘যেহেতু জিও (সরকারি আদেশ) ইস্যু হয়েছে, তার মানে নিশ্চয়ই তার যাওয়ার পরিকল্পনা আছে।’
