জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিতে রিট

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০১:৪৩ এএম

ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম পুনর্নির্ধারণ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। আবেদনে ওই গেজেট স্থগিতাদেশ চাওয়া হয়েছে। গতকাল সোমবার হাইকোর্টে জনস্বার্থে এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। আবেদনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, উপসচিব ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

আবেদনের বরাত দিয়ে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ দেশ রূপান্তরকে বলেন, জ্বালানি তেলের দাম বাড়াতে হলে গণশুনানি করে সাধারণ মানুষের মতামত নিতে হয়। সেটি করা হয়নি। কোন আইনে এবং কোন ক্ষমতাবলে দাম বাড়ানো হচ্ছে, এটি প্রজ্ঞাপনে স্পষ্ট করতে হয়। কিন্তু তা না করেই ৩৩ থেকে ৫২ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে যাতে সাধারণ মানুষের ওপর চাপ পড়বে। অথচ জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষমতা সরকারের নয় বিইআরসির।

এই আইনজীবী আরও বলেন, ‘সংবিধান অনুযায়ী নাগরিকের খাদ্য, চিকিৎসা, বস্ত্রসহ বিভিন্ন মৌলিক অধিকার পূরণ করবে রাষ্ট্র। কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে সংগত কারণেই নিত্যপণ্যের দাম বাড়বে। সবচেয়ে বেশি কষ্টে পড়বেন কৃষক ও স্বল্প আয়ের মানুষ। মানুষের যাপিত জীবন আরও কঠিন হবে। এসব যুক্তি দেখিয়ে এ বিষয়ে উচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়েছি।’ তিনি জানান, কার্যতালিকায় এলে আবেদনটির ওপর শুনানি হবে।

প্রসঙ্গত, ৫ আগস্ট রাতে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। প্রজ্ঞাপনে শুক্রবার রাত ১২টার পর ভোক্তা পর্যায়ে খুচরা প্রতি লিটার ডিজেলের দাম ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রল ১৩০ টাকা পুনর্নির্ধারণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত