দেশের ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকাদানের জন্য যুক্তরাষ্ট্র আরও ১৫ লাখ ডোজ ফাইজারের টিকা দিচ্ছে। এ নিয়ে দুই দফায় দেশটি ৩০ লাখ টিকা অনুদান হিসেবে দিল। এর আগে গত ৩০ জুলাই যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া ফাইজার উৎপাদিত শিশুদের কভিড টিকার ১৫ লাখ ডোজের প্রথম চালান বাংলাদেশে আসে। এই টিকা দিয়েই আগামী ১১ আগস্ট থেকে দেশে শিশুদের করোনা টিকাদান কর্মসূচি শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গতকাল সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫-১১ বছর বয়সী শিশুদের সুরক্ষায় টিকা দেওয়ার কার্যক্রম বাড়ানোর অংশ হিসেবে কোভ্যাক্সের আওতায় এই টিকা অনুদান দেওয়া হচ্ছে। নতুন সহায়তা মিলিয়ে বাংলাদেশের জনগণের জন্য এ পর্যন্ত ৭ কোটি ৫০ লাখের বেশি কভিড টিকা উপহার দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে আন্তর্জাতিক পর্যায় থেকে পাওয়া কভিড-১৯ টিকা অনুদানের দুই-তৃতীয়াংশেরও বেশি এসেছে যুক্তরাষ্ট্র ও আমেরিকার জনগণের পক্ষ থেকে। জাতীয় কভিড-১৯ টিকা কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কাজ করছে। এর মধ্যে ৫১ হাজারের বেশি স্বাস্থ্যসেবা প্রদানকারী ও অন্যান্য কর্মীকে নিরাপদ টিকা প্রদানের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া ১৮টি ফ্রিজার ভ্যান, ৭৫০টি ফ্রিজার ইউনিট ও টিকা বহন করার ৮ হাজার বাক্স অনুদান দেওয়ার কথাও জানিয়েছে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কভিড-১৯ বিষয়ে উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত বাংলাদেশকে ১৪ কোটি ডলারেরও বেশি অনুদান দিয়েছে।
