কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পূর্বশত্রুতার জেরে গুলি করে দুই রোহিঙ্গা নেতাকে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। গত মঙ্গলবার মধ্যরাতে পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী ক্যাম্পের সি-ব্লকে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত সুপার (মিডিয়া) মোহাম্মদ কামরান হোসেন এসব তথ্য জানান।
নিহতরা হলেন ১৫ নম্বর জামতলী ক্যাম্পের সি-ব্লকের আব্দুর রহিমের ছেলে আবু তালেব এবং সি/৯ সাব-ব্লকের ইমান হোসেনের ছেলে সৈয়দ হোসেন হোসেন (৩৫)। তালেব সি ব্লকের হেড মাঝি (কমিউনিটি নেতা) এবং হোসেন তার সাব-ব্লকের মাঝি ছিলেন। এপিবিএন কর্মকর্তা কামরান হোসেন জানান, মঙ্গলবার মধ্যরাতে সি-ব্লকের পাহাড়ি ঢালের একটি ঘরের সামনে ১০/১২ জন অস্ত্রধারী এসে গুলি ছুড়তে শুরু করে। এ সময় সেখানে থাকা তালেব ও হোসেন গুলিবিদ্ধ হন। পরে ক্যাম্পের বাসিন্দারা তাদের জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সেখানে হোসেনকে মৃত ঘোষণা করেন। এরপর গুলিবিদ্ধ তালেবকে উন্নত চিকিৎসার জন্য কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ক্যাম্পের একাধিক বাসিন্দা দেশ রূপান্তরকে জানান, ক্যাম্পের নিরাপত্তায় থাকা স্বেচ্ছাসেবকদের পাহারার কাজ তদারকি শেষে নিজেদের ঘরে ফিরছিলেন তালেব ও হোসেন। এ সময় দুষ্কৃতকারীরা পথরোধ করে তাদের উদ্দেশ্যে গুলি ছোড়ে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে রোহিঙ্গা দুষ্কৃতকারীরা পূর্বপরিকল্পিতভাবে সৈয়দ হোসেন এবং আবু তালেবকে গুলি করে পালিয়ে যায় বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে ক্যাম্পে ব্লক রেইড চালানো হচ্ছে।’
নিহত দুই রোহিঙ্গা নেতার মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী।
