ঢাকার সাভারে যৌতুক চেয়ে নির্যাতন করে স্ত্রীকে বাবার বাড়িতে তাড়িয়ে দেওয়ার পর গরম খুন্তি দিয়ে নিজের দুই সন্তানের পায়ের তালু ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে পাষণ্ড বাবা নুর আলমের বিরুদ্ধে।
এ ঘটনায় খবর পেয়ে অভিযুক্তের স্ত্রী গ্রাম থেকে সাভারে ফিরে স্বামীকে মাদকাসক্ত দাবি করে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বুধবার রাত ১১টার দিকে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্তের স্ত্রী। এর আগে বুধবার বিকেলে সাভার পৌর এলাকার সবুজবাগ মহল্লার কোবা মসজিদের পাশে অবসরপ্রাপ্ত হাবিলদার আবদুল লতিফের বাড়িতে পা ঝলসে দেওয়ার ঘটনা ঘটে।
ভুক্তভোগী দুই শিশুর বয়স ৫ ও ৯। তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরদিকে অভিযুক্ত বাবা নুর আলম (৩২) জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার পূর্ব মাতাপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে ওই বাড়িতে ভাড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালান তিনি।
ভুক্তভোগী শিশুদের মা বলেন, ১১ বছর আগে আমাদের বিয়ে হয়। আমাদের একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। কিছুদিন ধরে নুর আলম মাদকাসক্ত হয়ে পড়ায় কাজকর্ম না করে প্রায়ই যৌতুকের টাকার জন্য আমার ওপর অত্যাচার করে। গত ২৮ জুলাই যৌতুক চেয়ে আমাকে মারধর করেন। পরে জোর করে নীলফামারী আমার বাবার বাড়ি পাঠিয়ে দেন। আমার সন্তানদের তার কাছে রেখেই আমাকে যেতে বাধ্য করেন। মঙ্গলবার শুনতে পাই আমার অবুঝ ছেলেমেয়েকে ওই পাষণ্ড গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়ে পা ঝলসে দিয়েছে। খবর পেয়েই আমি সাভারে চলে আসি এবং থানায় অভিযোগ দায়ের করেছি। বাড়িওয়ালা না থাকলে আমার সন্তানদের ও মেরেই ফেলতো। তাদের কাঁদতেও দেয়নি ওই পাষণ্ড। মুখ চেপে রেখেছিল। বাড়িওয়ালা ওই রুমে গেলে নুর আলম পালিয়ে যায়।
সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, দুই শিশুর পা ঝলসে দেওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা পলাতক রয়েছে। এ ঘটনায় পাষণ্ড বাবার বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
