বরগুনার বেতাগীতে জোয়ার আর অতিবর্ষণের ফলে বিষখালী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে তিনটি গ্রাম। এতে পানিবন্দি হয়ে পড়েছে ওই তিনটি গ্রামের শতাধিক পরিবার।
গতকাল সোমবার দুপুরে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে উপজেলার কেওড়াবুনিয়া, গাবুয়া ও ছোট মোকামিয়া গ্রাম। এসব গ্রামের বাড়ির আঙিনায় পানি থই থই করছে। বাঁধ ভেঙে নদীর পানি ধানক্ষেতে ঢুকে আমনের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে কয়েকটি মাছের ঘের।
এর আগে গত রবিবার রাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এ বেড়িবাঁধটি ভেঙে যায়। এরপর একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে। বাঁধটি মেরামত না করা হলে আরও গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা।
বরগুনা পাউবোর নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম বলেন, ভারী বৃষ্টি, পূর্ণিমা ও বৈরী আবহাওয়ার কারণে পানি বাড়ায় জেলার কয়েকটি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যেসব এলাকায় বাঁধ ভেঙে গেছে তা দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। বিষখালী নদীর পানির উচ্চতা গত কয়েক দিন যাবৎ বেশি রয়েছে। বৃষ্টি হ্রাস না পাওয়া পর্যন্ত প্রত্যেক জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গেথ কথা বলে দ্রুত ভাঙা বাঁধ সংস্কারের কাজ শুরু করা হবে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেওয়া হচ্ছে।
