শোক দিবসেও বিভক্ত নরসিংদী আওয়ামী লীগ

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১২:৫৫ এএম

কেন্দ্রীয় নির্দেশ থাকা সত্ত্বেও জাতীয় শোক দিবসে একক অনুষ্ঠান করতে পারেনি নরসিংদী জেলা আওয়ামী লীগ। দলটির বিভক্ত দুটি অংশ আলাদাভাবে দিবসটি পালন করেছে।

দলীয় কোন্দলে জড়িয়ে ২০২০ সালের ১৯ নভেম্বর পদ হারান জেলা আওয়ামী লীগের শীর্ষ দুই নেতা। তাদের স্থলে দেওয়া হয় ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব। তবুও বিরোধ মেটেনি। একপক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হীরু। অন্যপক্ষে শহর আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র কামরুজ্জামান কামরুল।

আগামী ১৭ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণার পর এবারের জাতীয় শোক দিবস ঐক্যবদ্ধভাবে পালনের নির্দেশ দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ। সে অনুযায়ী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সিদ্ধান্তও হয়। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। আগের মতোই পৃথকভাবে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান হয়।

গত রবিবার নজরুল ইসলাম হীরুর নেতৃত্বাধীন অংশ নরসিংদী স্বাধীনতা চত্বরে শোক দিবসের আলোচনা সভা করেছে। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু। একই পক্ষ গতকাল সোমবার সকালে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে।

অন্যদিকে গতকাল সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া বলেন, ‘জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের নেতাদের সঙ্গে আলোচনা না করেই অনুষ্ঠানের আয়োজন করে। তাই আমরা বাধ্য হয়ে পৃথকভাবে শোক দিবস পালন করেছি।’

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন বলেন, ‘শোক দিবসের এ বিভাজন আমার ভালো লাগেনি। আমি বিশ্বাস করি এমনটা থাকবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত