গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঈশ^রপুরে বিল্লাল হোসেন ওরফে বিলু (৩৫) নামে এক ব্যক্তিকে খুনের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ২৭ বছর পর গ্রেপ্তার হয়েছেন। গত সোমবার মধ্যরাতে আবদুল আজিজ (৫৫) নামে ওই আসামিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করে র্যাব। আবদুল আজিজ নরসিংদীর শিবপুরের মৈশাদী গ্রামের আলফাজ উদ্দিন মোল্লার ছেলে। গতকাল দুপুরে র্যাব-১-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিল্লাল ও আজিজ পাশাপাশি গ্রামের বাসিন্দা। আজিজের ভগ্নিপতি কাদিরের লাউ চুরির ঘটনাকে কেন্দ্র করে ১৯৯৫ সালের ৭ ডিসেম্বর সকালে বিল্লাল হোসেনকে তার বাসা থেকে ডেকে নিয়ে আজিজ ও তার সঙ্গীরা প্রকাশ্যে খুন করে। এ ঘটনায় নিহতের ভাই জালাল উদ্দিন বাদী হয়ে কালীগঞ্জ থানায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার পর থেকে আসামি আবদুল আজিজ আত্মগোপনে ছিলেন। ২০১৮ সালের ২৩ এপ্রিল চার্জশিটে অভিযুক্ত আসামি আবদুল আজিজসহ ১৩ জনকে মৃত্যুদন্ড দেয় আদালত।
